নভেম্বর ২৮, ২০২৬, ০৯:৫৯ পিএম
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে। ৭ ডিসেম্বর বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসি জনসংযোগ শাখা জানিয়েছে, দেশের নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, দলীয় প্রতীক ছাড়াই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৭৯০টি ইউনিয়ন পরিষদে আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৬ নভেম্বর প্রাথমিক প্রস্তুতি হিসেবে এবং ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে ইসি।
চেয়ারম্যান প্রার্থীদের জন্য ৩২টি এবং সদস্য প্রার্থীদের জন্য ৩৬টি প্রতীক নির্ধারণ করা হয়েছে। ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়া হবে বলে জানান নির্বাচন কমিশনার।
তিনি আরও বলেন, ইসি আশা করছে, সংলাপে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে মতামত দেবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন