রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আলিম পরীক্ষার কেন্দ্র নিয়ে নতুন নির্দেশনা জারি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১২, ২০২৬, ১১:০৫ এএম

আলিম পরীক্ষার কেন্দ্র নিয়ে নতুন নির্দেশনা জারি

আলিম পরীক্ষার কেন্দ্রে নতুন নিয়ম।

চলতি বছরের আলিম পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন এই নির্দেশনা অনুযায়ী, কোনো অবস্থাতেই কেন্দ্রস্থিত মাদরাসার পরীক্ষার্থীরা নিজ মাদরাসার কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সোমবার মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

মাদরাসা শিক্ষা বোর্ডের আদেশে বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন শৃঙ্খলা বজায় রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত কেন্দ্র হিসেবে ব্যবহৃত মাদরাসার নিজস্ব শিক্ষার্থীরা সেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পেতেন, যা এখন থেকে বন্ধ কার্যকর হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, যে সকল উপজেলায় একটি মাত্র আলিম পরীক্ষা কেন্দ্র রয়েছে, সে সব ক্ষেত্রে স্থানীয় প্রশাসন দুটি বিকল্প উপায়ে পরীক্ষা গ্রহণ করতে পারবে। ভৌগোলিক অবস্থান ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উপজেলা প্রশাসন এই ব্যবস্থা নেবে। এক্ষেত্রে প্রথম বিকল্প হিসেবে কেন্দ্রস্থিত মাদরাসার পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো মাদরাসার পরীক্ষা কেন্দ্রে স্থানান্তর করা যেতে পারে।

দ্বিতীয় বিকল্প হিসেবে বলা হয়েছে, সংশ্লিষ্ট উপজেলার অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে (মাদরাসা ছাড়া) পরীক্ষা কেন্দ্র প্রতিস্থাপন করে সকল পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা যেতে পারে। স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে।মাদরাসা শিক্ষা বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আলিম পরীক্ষার জন্য কোনো উপকেন্দ্র বা ভেন্যু কেন্দ্রের ব্যবস্থা করা যাবে না। প্রতিটি কেন্দ্রকে মূল কেন্দ্র হিসেবেই পরীক্ষা পরিচালনা করতে হবে। 

পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বোর্ড থেকে কঠোর নজরদারির কথা জানানো হয়েছে। কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন নিয়ম বাস্তবায়িত হলে আলিম পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতি রোধ করা সম্ভব হবে।