রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আলিম পরীক্ষার রুটিন প্রকাশ, মানতে হবে যেসব নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩, ২০২৬, ১০:৪৫ এএম

আলিম পরীক্ষার রুটিন প্রকাশ, মানতে হবে যেসব নির্দেশনা

আলিম পরীক্ষার রুটিন

চলতি বছরের আলিম পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ২ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। শনিবার (২ মে) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়।প্রকাশিত রুটিন অনুযায়ী, পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার পরীক্ষার্থীরা ‘কুরআন মাজিদ’ বিষয়ে অংশগ্রহণ করবেন। 

তত্ত্বীয় পর্যায়ের সৃজনশীল ও বহুনির্বাচনী পরীক্ষাগুলো চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। এরপর ৯ আগস্ট থেকে ১৪ আগস্টের মধ্যে সকল ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর ১৫ আগস্টের মধ্যে অনলাইনে বোর্ডে পাঠাতে হবে।

পরীক্ষার্থীদের জন্য বোর্ড বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীকে নিজ আসনে উপস্থিত হতে হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরবর্তীতে সৃজনশীল বা রচনামূলক (সিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এই দুই অংশের পরীক্ষার মাঝখানে কোনো বিরতি থাকবে না। প্রতিটি অংশে পরীক্ষার্থীকে আলাদাভাবে পাস করতে হবে।পরীক্ষা কক্ষে প্রশ্নপত্র ও উত্তরপত্র বিতরণের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে ৯টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র এবং ১০টা ৩০ মিনিটে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। তবে ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে উত্তরপত্র সংগ্রহের সময় হবে ১০টা ২৫ মিনিট।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরণের প্রোগ্রামিং ক্যালকুলেটর সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেবল জরুরি প্রয়োজনে একটি নন-অ্যান্ড্রয়েড বা বাটন মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি পাবেন।

পরীক্ষার্থীদের নিজ নিজ মাদ্রাসা থেকে পরীক্ষা শুরু হওয়ার অন্তত সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীকে সরবরাহকৃত মূল উত্তরপত্র এবং ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয়কোড যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনোভাবেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এই সময়সূচিতে যেকোনো পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।