রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে তারুণ্যের ভাগ্য বদলাবে: মাহদী আমিন

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১২:৩৭ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে তারুণ্যের ভাগ্য বদলাবে: মাহদী আমিন

অধ্যক্ষ সম্মিলনে বক্তব্য

তরুণ প্রজন্মের ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের। যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই।

সনদনির্ভর শিক্ষা দিয়ে বেকারত্ব কমানো যাবে না উল্লেখ করে মাহদী আমিন বলেন, প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান ও দক্ষতার অভাব শিক্ষিতদের বেকারত্বের অন্যতম কারণ বলে তিনি মন্তব্য করেন। শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের জন্য ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং বাস্তব কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে বলে তিনি জানান।

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে তারুণ্যের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার, এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে দেশ জ্ঞান ও গুণে সমৃদ্ধ, কর্মে আত্মনির্ভরশীল, মানবিকতায় উন্নত এবং বিশ্বমঞ্চে নিজস্ব মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে বলে মাহদী আমিন জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীনসহ শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।