রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

সিলেটে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

সারাদেশ ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১২:৪২ এএম

সিলেটে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

মোটরসাইকেলে আগুন. ছবি: এআই জেনারেটেড

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার কামালবাজার এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।

স্থানীয়রা জানান, ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি অগ্নিসংযোগের উদ্দেশ্যে ওই বাড়িতে হামলা চালান। হাবিবুর রহমান হাবিব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কার্যকরী সদস্য। স্থানীয় লোকজন একজোট হয়ে তাদের ধাওয়া করলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।

পরে বিক্ষুব্ধ স্থানীয়রা ফেলে যাওয়া ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় কামালবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাব উদ্দিন বলেন, ঘটনাটি একটি ষড়যন্ত্র হতে পারে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য হয়তো পরিকল্পিতভাবে এটি ঘটানো হয়েছে বলে তিনি মনে করেন। প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।

সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, কারা হামলা চালিয়েছেন তা জানার চেষ্টা চলছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

একই দিন ভোররাতে দক্ষিণ সুরমা এলাকায় সিলেট-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এম এ মালেকের বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুটি ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।