রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১২:৫৯ এএম

রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

তাফসির মাহফিলে বক্তব্য. ছবি: দিনাজপুর টিভি

দেশের অন্য ৬৩ জেলার রাজশাহীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজ পরিবেশের প্রশংসা করে তিনি এ কথা বলেন।

শনিবার রাতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত তাফসির মাহফিলে প্রধান বক্তা ছিলেন তিনি। বক্তব্যের শুরুতে রাজশাহীবাসীকে শুভেচ্ছা জানান আজহারী।

তিনি বলেন, আমি শুনেছি, রাজশাহী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর। বাংলাদেশের সবুজ ও পরিচ্ছন্ন শহর। আসার সময় দেখছিলাম, মাশাআল্লাহ, একেবারে পরিপাটি ও পরিষ্কার। আমাদের অন্য ৬৩ জেলার আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

তিনি আরও বলেন, রাজশাহী যেমন পরিপাটি ও পরিচ্ছন্ন, আমাদের অন্য ৬৩ জেলাও যেন এ রকম পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পারে। ছোটবেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। তখন আসার পথে দুই পাশে সারি সারি আমবাগান দেখেছিলাম। এখানে আছে কালাই রুটি, আছে রেশম। নানা নেয়ামতে আল্লাহ রাজশাহীকে ভরপুর করেছেন।

বিশাল এ তাফসির মাহফিলে সকাল থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর মাহফিলে সভাপতিত্ব করেন।