রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

দক্ষতামান বেসিক কোর্সে ভর্তি ১ ডিসেম্বর

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০১:০৪ এএম

দক্ষতামান বেসিক কোর্সে ভর্তি ১ ডিসেম্বর

দক্ষতা কোর্সের প্রশিক্ষণ। ফাইল ছবি।

দক্ষতা কোর্সের প্রশিক্ষণ। ফাইল ছবি।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠানগুলোতে ২০২৭ সালের জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রমের তিনটি সেশনে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি শুরু হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জানুয়ারি-মার্চ ও জানুয়ারি-জুন সেশনে ভর্তি চলবে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এপ্রিল-জুন সেশনের ভর্তি চলবে আগামী বছরের ১৫ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত। প্রথম দুই সেশনের ক্লাস শুরু হবে ৩ জানুয়ারি, আর তৃতীয় সেশনের ক্লাস শুরু হবে ১ এপ্রিল।

ন্যূনতম অষ্টম শ্রেণি বা জেএসসি/জেডিসি উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। প্রতিটি ট্রেডে সর্বোচ্চ ৫০ জন ভর্তি নেওয়া যাবে।

শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ৫০ টাকা, পরীক্ষা ৩০০ টাকা ও সনদপত্র ফি ১০০ টাকাসহ মোট ৪৫০ টাকা দিতে হবে। সাধারণ ট্রেডে ৩৬০ ঘণ্টার কোর্সে ৬০ ঘণ্টা কমিউনিকেটিভ ইংলিশ থাকবে। মূল্যায়ন হবে মোট ৫০০ নম্বরে, তাত্ত্বিক ১০০ ও ব্যবহারিক ৪০০। ভাষা ট্রেডে প্রবিধান ২০২৫ এর নম্বর বিন্যাস অনুসরণ করা হবে।

জানুয়ারি-মার্চ সেশনের চূড়ান্ত পরীক্ষা মার্চের শেষ শুক্রবার এবং অন্য দুই সেশনের পরীক্ষা জুনের শেষ শুক্রবার বা শনিবার শুরু হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত তথ্য ও অনুমোদিত প্রতিষ্ঠানের তালিকা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।