নভেম্বর ২৯, ২০২৬, ০১:২১ এএম
নভেম্বরে সারাদেশে প্রতিদিন গড়ে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গণপরিবহনে আগুনের ঘটনাও ঘটেছে চারটি করে। অনলাইনে ঘোষণা করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আরও নাশকতা ঘটতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এ নিয়ে সাবেক ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার বলেছেন, ডিসেম্বর মাসে উচ্চ ঝুঁকি নয়, মধ্যম ঝুঁকি রয়েছে।
মধ্যম ঝুঁকির পেছনে কয়েকটি কারণ রয়েছে। নভেম্বর মাসজুড়ে গোপালগঞ্জসহ ঢাকা মহানগরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা দেখা গেছে। ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার কারণে ডিসেম্বর মাসে মধ্যম মানের ঝুঁকি রয়েছে বলে মনে করেন তিনি।
গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য ভালোভাবে বিশ্লেষণ করলে উচ্চ ঝুঁকি থাকার কথা নয় বলে জানিয়েছেন মোহাম্মদ সরোয়ার। তবে পুলিশের সংস্কার পুরোপুরি হয়নি। ৫ আগস্টের পর থেকে পুলিশের জনবল ও প্রযুক্তি বৃদ্ধির ক্ষেত্রে ঘাটতি রয়েছে।
পুলিশের সামনে চ্যালেঞ্জও রয়েছে। আগের মতো অতিরিক্ত বল প্রয়োগ করে কোনো মিছিল-সমাবেশ বা অবৈধ তৎপরতা ঠেকানো যায় না। মানবিক পুলিশিং করতে হবে। পুলিশের সংখ্যা বৃদ্ধি দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন তিনি।
গোপালগঞ্জ এলাকায় পুলিশ কৌশলে অপর তৎপরতা রোধ করেছে। সেই কৌশল ঢাকা মহানগরসহ সারাদেশে অবলম্বন করতে হবে। পুলিশের প্রস্তুতি যাই থাকুক, আগামী কয়েকদিন তা সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে। পাশাপাশি সহায়তাকারী বাহিনীগুলোর প্রস্তুতিও রাখতে হবে।
সেনাবাহিনী মাঠে নামানোর পরামর্শ নিয়ে তিনি বলেন, সেনাবাহিনীর কাজের ধরন আলাদা। সেনাবাহিনী এখনই মাঠে নামানোর প্রয়োজন নেই। পুলিশের সক্ষমতা আছে, ডিসেম্বর মাসের জন্য তা আরও বাড়াতে হবে। বিজিবিসহ অন্য বাহিনীর সহায়তা পুলিশ নিচ্ছে, সেই সহায়তার পরিমাণ বাড়াতে হবে।
সেনাবাহিনী রিজার্ভ হিসেবে থাকতে পারে। বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঠিকমতো থাকলে সেনাবাহিনী এখনই মোতায়েনের প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।
সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের সুযোগ তৃতীয় কোনো পক্ষ নিচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ও পুলিশ সফলভাবে মোকাবেলা করতে পারলে তৃতীয় পক্ষ সুযোগ পাবে না। তবে পুলিশকে বসে থাকলে হবে না, কাজ করতে হবে।
অস্ত্র উদ্ধারসহ অন্যান্য অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে হবে। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঢাকা মহানগরসহ অন্যান্য এলাকায় নিয়ন্ত্রণে রাখতে হবে। পুলিশের সক্ষমতা যত বাড়বে, রাজনৈতিক সহিংসতা তত কমবে বলে মনে করেন তিনি।
পরিস্থিতি মোকাবেলায় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাইয়ের ওপর জোর দিয়েছেন মোহাম্মদ সরোয়ার। মানবিক গোয়েন্দা তথ্যের পাশাপাশি আর্থিক, ডিজিটাল, ওপেন সোর্স ও রাজনৈতিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করতে হবে। পুলিশের সংখ্যা বাড়াতে হবে। কম গুরুত্বপূর্ণ ইউনিট থেকে পুলিশ এনে মহানগর ও জেলা পুলিশে তৎপরতা বাড়াতে হবে।
প্রশিক্ষণের ক্ষেত্রেও পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন তিনি। শ্রেণিকক্ষের প্রশিক্ষণের বদলে মাঠে ভিড় নিয়ন্ত্রণ, আলোচনা, ডিজিটাল ফরেনসিক ও ডিজিটাল প্রমাণ সংগ্রহের মতো বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। সাইবার সক্ষমতাও বাড়াতে হবে। গোয়েন্দা তথ্য, পুলিশি সক্ষমতা ও প্রযুক্তি দিয়ে এসব সংকট মোকাবেলা করা সম্ভব বলে প্রত্যাশা করছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন