নভেম্বর ২৯, ২০২৬, ০২:৩৬ এএম
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জেলাম জেলায় অবস্থিত খেওড়া লবণ খনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণ খনি। পাহাড়ের গভীরে গোলাপি এক জগৎ - দেয়ালজুড়ে স্বচ্ছ স্ফটিকের মতো লবণ, কোথাও গোলাপি, কোথাও সাদার মায়াবী আভা। আলো পড়তেই ঝলমল করে ওঠে পুরো গুহা। এখান থেকেই উত্তোলন করা হয় বিশ্বজুড়ে সমাদৃত হিমালয়ের গোলাপি লবণ।
খনির সন্ধান পাওয়ার গল্পটিও বেশ চমকপ্রদ। জনশ্রুতি রয়েছে, খ্রিষ্টপূর্ব ৩২৬ অব্দে আলেকজান্ডার দ্য গ্রেটের বাহিনী এই অঞ্চল অতিক্রম করার সময় সৈন্যরা দেখতে পান, তাদের ঘোড়াগুলো পাহাড়ের পাদদেশে পড়ে থাকা পাথর চেটে খাচ্ছে। কৌতূহলবশত এক সৈনিক পাথরটি মুখে নিয়ে বুঝতে পারেন, এটি সাধারণ পাথর নয়, লবণ। সেই থেকেই এই অঞ্চলের লবণের প্রতি মানুষের আগ্রহ তৈরি হয়।
মুঘল আমলে এই লবণের বাণিজ্যিক প্রসার ঘটে। শিখ শাসনামল পেরিয়ে ব্রিটিশদের হাতে খনিটি আধুনিক রূপ পায়। ১৮৭২ সালে ব্রিটিশ খনি প্রকৌশলী ডক্টর এইচ ওয়ারস এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে লবণ উত্তোলন শুরু করেন। তিনি চালু করেন রুম এন্ড পিলার পদ্ধতি।
এই কৌশলে পাহাড়ের ভেতর থেকে কিছু অংশের লবণ কেটে নেওয়া হয়। আর কিছু অংশ বিশাল স্তম্ভের মতো রেখে দেওয়া হয়। ফলে পাহাড়ের ভেতরের কাঠামো অক্ষত থাকে, ধসের ঝুঁকিও কমে।
প্রবেশমুখ থেকে প্রায় ৭৩০ মিটার ভেতরে বিস্তৃত এই খনিতে রয়েছে মোট ১৯টি তলা। ১১টি মাটির নিচের সুরঙ্গের মোট দৈর্ঘ্য প্রায় ৪০ কিলোমিটার।
ভেতরে ঢুকলে চোখে পড়ে লবণের ইট দিয়ে তৈরি মসজিদ, লাহোরের মিনারে পাকিস্তান ও চীনের মহাপ্রাচীরের প্রতিকৃতি। রয়েছে স্বচ্ছ নোনা পানির ছোট ছোট রদও। বাইরের আবহাওয়া যেমনই হোক, খনির ভেতরের তাপমাত্রা সারা বছর ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে।
শ্বাসকষ্ট ও হাঁপানি রোগীদের জন্য এখানে রয়েছে বিশেষ হ্যালোথেরাপি বা লবণ ক্লিনিক।
প্রায় ৮০ কোটি বছর আগে প্রাচীন সমুদ্র শুকিয়ে যাওয়ার ফলে এই লবণের স্তর তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। এতে সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি আয়রন অক্সাইডসহ বিভিন্ন প্রাকৃতিক খনিজ উপাদান রয়েছে। আয়রন অক্সাইডের উপস্থিতিই লবণকে দিয়েছে স্বতন্ত্র গোলাপি রং।
বর্তমানে পাকিস্তান মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন খনিটি পরিচালনা করছে। এখান থেকে বছরে সাড়ে তিন লাখ টনেরও বেশি লবণ উত্তোলন করা হয়।
প্রতিবছর আড়াই লাখেরও বেশি পর্যটক ছুটে আসেন মাটির নিচের এই বিস্ময় দেখতে। দীর্ঘদিন কাঁচা লবণ রপ্তানির মধ্যেই সীমাবদ্ধ ছিল পাকিস্তানের এই শিল্প। তবে এখন খনিকে ঘিরে গড়ে তোলা হচ্ছে আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন প্রকল্প। লক্ষ্য শুধু কাঁচা লবণ নয়, প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে আয় বাড়ানো এবং নতুন কর্মসংস্থান তৈরি করা।
ইতিহাসের নানা বাঁক পেরিয়ে খেওড়া লবণ খনি আজ শুধু লবণ উত্তোলনের কেন্দ্র নয়। এটি প্রকৃতির অনন্য সৃষ্টি, প্রাচীন ইতিহাস, আধুনিক প্রকৌশল ও অর্থনীতির এক অপূর্ব সমন্বয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন