সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৮:৫৩ পিএম
নতুন বাংলাদেশ গড়ে তুলতে কেবল গতানুগতিক চাকরিপ্রার্থী হওয়ার মানসিকতা থেকে বের হয়ে দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। বুধবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আগামী দিনের উদ্ভাবক, উদ্যোক্তা ও গবেষক।
শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ভালো ফলের পেছনে ছুটলে চলবে না। অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল একটি নির্দিষ্ট ডিগ্রি অর্জনের মাধ্যম নয়; বরং এখান থেকেই শিক্ষার্থীরা ভিন্নভাবে চিন্তা করা, জটিল সমস্যার সমাধান খোঁজা এবং ভিন্নমতকে শ্রদ্ধা করতে শেখে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের মাথাপিছু আয় ২ হাজার ৮০০ ডলার থেকে বাড়িয়ে ৪ হাজার ৫০০ ডলারে উন্নীত করার সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি তরুণ প্রজন্মকে দেশমাতৃকার কল্যাণে আত্মনিবেদিত হওয়ার তাগিদ দেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলো কেবল সার্টিফিকেটধারী গ্র্যাজুয়েট তৈরি করবে না, বরং স্থানীয় জনপদের সাথে নিবিড়ভাবে যুক্ত হয়ে কৃষি, পরিবেশ, পানি, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতের সংকট সমাধানে কার্যকর গবেষণায় মনোনিবেশ করতে হবে। উল্লেখ্য, ২০০১ সালে জাতীয় সংসদে আইন পাসের পর ২০০৬ সালের ৬ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন এবং একই বছরের ২২ জুন থেকে নিয়মিত পাঠদান শুরু হয়।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এর আগে উপদেষ্টা নোয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে দিনব্যাপী এই নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন