রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

দালাল বাজার জমিদার বাড়ি, নতুন ভ্রমণ গন্তব্য

ফিচার ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৩:২৫ এএম

দালাল বাজার জমিদার বাড়ি, নতুন ভ্রমণ গন্তব্য

ঐতিহাসিক জমিদার বাড়ি

লক্ষ্মীপুরের প্রায় চারশ বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শন দালাল বাজার জমিদার বাড়ি ও খোয়াসাগর দীঘি হতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র।

জেলার মানুষের মাঝে এ নিয়ে আগ্রহের কমতি নেই। অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই এখানে ভিড় করছেন হাজারো দর্শনার্থী। নতুন রূপে সেজেছে খোয়াসাগর দীঘির পাড়।

পরিকল্পিতভাবে সংস্কার করে দুটি নিদর্শনকে পর্যটকবান্ধব করে গড়ে তোলার দাবি জানিয়েছেন পর্যটকরা। অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা জানান, প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও পর্যটনের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে।

ভ্রমণপিপাসুরা যেন নিরাপদে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদার বাড়ি। স্থানীয়ভাবে এটি দালাল বাজার জমিদার বাড়ি নামে পরিচিত। বাড়িটির নির্মাণশৈলী ও কারুকাজ অনেকটা রাজবাড়ির মতো। বাড়িটির প্রবেশমুখে আছে খোয়াসাগর দীঘি।

দেশ বিভক্তির আগে ১৯৪৬ সালে জমিদার নবীন কিশোর রায় ৭ একর ৮০ শতক সম্পত্তিতে নির্মিত জমিদার বাড়ি রেখে ভারতে চলে যান। ১৯৫০ সালে সরকার জমিদার প্রথা বিলুপ্ত করলে সম্পত্তিটি সরকারি হয়ে যায়। এরপর আস্তে আস্তে একটি ছোট ওয়ার্কশপ হিসেবে গড়ে ওঠে। পরে তা দখলদারদের হাতে চলে যায়।

সম্প্রতি প্রায় ৫০ বছর পর জেলা প্রশাসন অবৈধ দখলদারদের হাত থেকে জমিদার বাড়িটি উদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সংস্কার ও উন্নয়নমূলক কাজ করা হয়েছে। তবু কালক্রমে দখল ও দূষণে হারিয়ে যেতে বসেছে এসব স্থাপনা। জেলা প্রশাসন দখলদারদের উচ্ছেদ করায় প্রাণ ফিরে পেয়েছে জমিদার বাড়ি ও দীঘিটি। প্রাকৃতিক দৃশ্য, দীঘির অপার সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর।

জমিদার বাড়িতে ঘুরতে আসা দর্শনার্থী মরিয়ম বেগম ও কহিনুর আক্তার বলেন, ঐতিহাসিক দালাল বাজার জমিদার বাড়িটি সংস্কার করা হলে অনেক পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। জমিদারের সেই বৈঠকখানা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এগুলো দেখে খুব ভালো লেগেছে।

জমিদার বাড়ি ও খোয়াসাগর দীঘিই হতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানান তারা। কুমিল্লা থেকে ঘুরতে আসা দুই বন্ধু ইব্রাহিম হোসেন ও মুরাদ হোসেন বলেন, ঢাকা থেকে এসে এ স্থানটি দেখে খুব ভালো লেগেছে।

ঈদ বা বিশেষ কোনো দিনে এ স্থানটি পরিণত হয় মহা মিলনমেলায়। প্রতিদিন বিকেলে ঢল নামে সৌন্দর্যপিপাসুদের। স্থানীয় দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, সৌন্দর্য বর্ধনের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

বাড়িটিতে আগে জুয়াড়িদের আড্ডা হতো। এখন আর সেগুলো নেই। এসব বিষয়ে প্রশাসন আরও কঠোর হলে পুরনো এই ঐতিহাসিক নিদর্শনটি প্রাণ ফিরে পাবে বলে জানান তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, খোয়াসাগর দীঘির পাড়, জমিদার বাড়ি সংস্কার ও উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।