নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৩২ এএম
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ৬৭৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশের তথ্য মতে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৬১ জন, আগের মামলায় ১০০ জন, পুলিশ আইন ৩৪ ধারায় ১৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিন জন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৭ জন, পরোয়ানায় ১০৯ জন ও সাজা পরোয়ানায় ১৩ জন রয়েছেন।
মাদক মামলায় ৩২ জন মাদকসেবী ও ৩৮ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তিন হাজার সাতশ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ২৪টি মাদক মামলা দায়ের করা হয়।
অভিযানে ২৫ হাজার ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ পিস ট্যাপেনটেডল ট্যাবলেট, ৫৭ কেজি ৬৬০ গ্রাম গাঁজা, ৬০ লিটার চোলাই মদ, এক বোতল বিদেশি মদ ও ১৩৫ বোতল এক্সফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯৫ জন সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।
জেলাভিত্তিক গ্রেফতারকৃতদের সংখ্যা চট্টগ্রাম ৩৬, কক্সবাজার ছয়, কুমিল্লা ২০, ব্রাহ্মণবাড়িয়া পাঁচ, চাঁদপুর পাঁচ, নোয়াখালী ১১, ফেনী তিন, লক্ষ্মীপুর ছয়, খাগড়াছড়ি দুই ও বান্দরবান এক জন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩১১ জন আটক করা হয়। তাদের মধ্যে ১৬৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৪৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক আটককৃতদের মধ্যে চট্টগ্রামে ৩১, কক্সবাজারে ১২, কুমিল্লায় ১৫৯, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ২৯, লক্ষ্মীপুরে ২৯, রাঙ্গামাটিতে চার, খাগড়াছড়িতে পাঁচ ও বান্দরবানে ১২ জন রয়েছেন। জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন