রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

খেলাধুলা সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখে: মাহবুব আনাম

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৩:২৬ এএম

খেলাধুলা সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখে: মাহবুব আনাম

ম্যারাথনে পুরস্কার। ছবি: মন্ত্রীর ফেসবুক পেজ

খেলাধুলা ও শরীরচর্চা সুস্থ, সুন্দর ও কর্মক্ষম জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ১০ ও ২১ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ধনবাড়ী টাঙ্গাইলের উদ্যোগে সংগঠনটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ক্যাফে হাট ম্যারাথন ২০২৬ সিজন ৪ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০ ও ২১ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৩৫০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

ম্যারাথনের উদ্বোধক ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক এম আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী। আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।