নভেম্বর ২৯, ২০২৬, ০৪:৩৯ এএম
অনুমোদিত প্রতিষ্ঠানগুলোতে ২০২৭ সেশনের এক বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কোর্সে ভর্তি কার্যক্রম চলবে। ক্লাস শুরু হবে আগামী বছরের ৩ জানুয়ারি।
স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে বয়স ও পাসের সন শিথিলযোগ্য থাকবে। প্রতিটি ট্রেডে ৫০টি আসনের মধ্যে ৪০ জন নতুন এবং ১০ জন ড্রপআউট শিক্ষার্থী ভর্তি করা যাবে।
এক বছর মেয়াদি এই শিক্ষাক্রম দুটি পর্বে বাস্তবায়িত হবে। দ্বিতীয় পর্বের চূড়ান্ত পরীক্ষা শেষে ছয় সপ্তাহব্যাপী সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে শিল্প-প্রাতিষ্ঠানিক বাস্তব প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। সিলেবাসের বিষয়গুলোতে তাত্ত্বিক অংশ ৪০ শতাংশ ও ব্যবহারিক অংশ ৬০ শতাংশ থাকবে।
শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা ও রোভার স্কাউট ফি ১৫ টাকাসহ সর্বমোট ২১৫ টাকা ভর্তি ফি হিসেবে দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে ই-সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য বোর্ডে পাঠাতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, চলমান ট্রেডের নাম ও অনুমোদিত প্রতিষ্ঠানের তালিকা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন