নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৫৫ এএম
আফগানিস্তানে নারীদের ছাগল কিংবা গরু বলে ডাকার অভিযোগ উঠেছে। একদিকে নারীদের এমন অবমাননাকর শব্দে ডাকার অভিযোগ, অন্যদিকে স্বামীর নির্যাতনে স্ত্রীর হাড় ভেঙে গেলেও সাজা নাকি মাত্র ১৫ দিনের কারাদণ্ড। আফগানিস্তানে নারীদের ঘিরে সামনে এসেছে এমনই উদ্বেগজনক সব তথ্য।
২০২৬ সালে প্রকাশ্যে আসা আফগান সরকারের নতুন ফৌজদারি বিধির ৩২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, স্ত্রীর হাড় ভেঙে দেওয়ার মতো নির্যাতনের ঘটনায় স্বামীর সর্বোচ্চ সাজা হলো ১৫ দিনের কারাদণ্ড।
এরই মধ্যে সামনে এসেছে সরকারি নথি থেকে নারীদের নাম সরিয়ে ফেলার অভিযোগ। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে নারীদের নাম সরকারি নথি, হাসপাতালের রেকর্ড এমনকি চিকিৎসকের ব্যবস্থাপত্র থেকেও বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে তাদের বিবি নামে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কোথাও কোথাও ছাগল কিংবা গরুর মতো অবমাননাকর শব্দ ব্যবহারের অভিযোগ জানিয়েছেন নারী অধিকারকর্মীরা।
বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের সংবাদমাধ্যম এল পাইস। প্রতিবেদনে উঠে এসেছে আফগান সাংবাদিক খাদিজা আমিনের অভিজ্ঞতাও। তার সন্তানদের জন্মসনদে মায়ের নাম না থাকায় আফগানিস্তান ছেড়ে জার্মানিতে যাওয়ার পর সন্তানদের ফিরে পাওয়ার আইনি লড়াইয়ে নিজের মাতৃত্বের সম্পর্ক প্রমাণ করতেই জটিলতায় পড়েন তিনি।
কোরআনে নারীদের সঙ্গে সৎভাবে বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে। সূরা আন নিসার ১৯ নম্বর আয়াতে এই নির্দেশ রয়েছে। সূরা রুমের ২১ নম্বর আয়াতে স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত্তি হিসেবে ভালোবাসা ও দয়ার কথা বলা হয়েছে। সূরা আল ইসরার ৭০ নম্বর আয়াতে আদম সন্তানকে মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে। আর সূরা আল বাকারার ২৩১ নম্বর আয়াতে নারীদের ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আটকে রাখতে নিষেধ করা হয়েছে।
২০১৭ সালে নারী অধিকারকর্মী লালা ওসমানী হোয়ার ইজ মাই নেইম আন্দোলন শুরু করেছিলেন। হুমকি উপেক্ষা করে চালানো সেই আন্দোলনের ফলে ২০২০ সালে সন্তানদের জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু আজ সেই অর্জনও হুমকির মুখে।
স্কুল, কর্মক্ষেত্র ও চলাফেরার স্বাধীনতার পর এবার নারীদের নামও যদি মুছে দেওয়া হয়, তাহলে প্রশ্ন ওঠে - একটি রাষ্ট্রের নথিতে জায়গা না থাকলে একজন নারীর পরিচয় কোথায় থাকবে?
তথ্যসূত্র: এল পাইস

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন