রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৪:৪২ এএম

চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

সনদপত্র গ্রহণ

চাঁদপুরে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদের উদ্যোগে শনিবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ। তিনি বলেন, এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের শুধু ফলাফলের দিকে নজর দিলেই হবে না। তাদের মানবিক গুণাবলি, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। শেখ ফরিদ আহম্মেদ চাঁদপুর জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হোসেন। তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রেজাউর রহমান, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ জিয়াউর রহমান, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খান।

এবার জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৭ জন জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আগামীতে শিক্ষার্থীদের পাশে থাকার আশা করেন শেখ ফরিদ আহম্মেদ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা অনুষ্ঠানে সঞ্চালনা করেন।

আলোচনা শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও প্রাইজবন্ড তুলে দেন।