রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

জেলে পরিবারের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি দেবে জেলা প্রশাসন

সারাদেশ ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৪:১৭ এএম

জেলে পরিবারের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি দেবে জেলা প্রশাসন

জেলেপল্লিতে অনুষ্ঠান

জেলে পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। পাশাপাশি জেলে সম্প্রদায়ের শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে নগরের আকমল আলী ঘাট এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিশুদের চাহিদা অনুযায়ী ক্রীড়া সামগ্রী দেওয়ার কথাও জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আকমল আলী ঘাটের জেলেপল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের দুধ, ডিম ও চকলেট দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, গত ৩০ থেকে ৫০ বছরে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন এলেও জেলে সম্প্রদায়ের জীবনমানে কাঙ্খিত পরিবর্তন আসেনি। অথচ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।

জেলে পরিবারের সন্তানদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এই শিশুরাই একদিন জেলে সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তন করবে। স্বপ্ন ফাউন্ডেশনের সহযোগিতায় আকমল আলী ঘাট এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে শুধু বিদ্যালয় প্রতিষ্ঠা কিংবা সুন্দর বেঞ্চের ব্যবস্থা করলেই উদ্দেশ্য সফল হবে না। অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন।