নভেম্বর ২৯, ২০২৬, ১০:১৯ এএম
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে যাওয়ার পথে ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হুতি সশস্ত্র গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্রটি রিয়াদকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত এবং ধ্বংস করে দিয়েছে বলে তিনি জানান।
এর কয়েক ঘণ্টা আগে তিনি জানিয়েছিলেন, ইয়েমেন ও সৌদি আরবে হামলা চালানোর কাজে ব্যবহৃত হুতিদের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করেছে জোটের বাহিনী। দক্ষিণ লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে অবাধ নৌ-চলাচলের জন্য হুমকি সৃষ্টি করে, এমন সামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়েছে।
ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী প্রায় প্রতিদিনই সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
গত নভেম্বর মাসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি কয়েকটি এলাকা থেকে ইয়েমেনের সরকারি বাহিনী পিছু হটে। এর ফলে ওই এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেয় হুতিরা।
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুতিরা। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দীর্ঘদিনের এই সংঘাতের ফলে ইয়েমেনে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে, যা বিশ্বের অন্যতম বড় মানবিক বিপর্যয় হিসেবে বিবেচিত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন