রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

কিউবার নিষেধাজ্ঞা তুলতে যুক্তরাষ্ট্রের প্রতি ডব্লিউএইচও প্রধানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১১:৪৪ এএম

কিউবার নিষেধাজ্ঞা তুলতে যুক্তরাষ্ট্রের প্রতি ডব্লিউএইচও প্রধানের আহ্বান

হাসপাতালের বারান্দায় রোগীরা

কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস। শনিবার তিনি এ আহ্বান জানান।

সম্প্রতি কিউবা সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টেড্রোস লিখেছেন, কিউবা থেকে এইমাত্র ফিরে এলাম। এমন এক দেশ থেকে, যেখানে শিশুরা করিডোরে ঘুমাচ্ছে।

তিনি আরও লিখেছেন, হাসপাতালের করিডোরগুলোতে ছোট ছোট শিশুর হাত, তাদের চোখে বুকভরা স্বপ্ন ও বেঁচে থাকার আকুতি আমাকে ছুঁয়ে গেছে। এখানকার মানুষ খুব কম দিয়েই অনেক কিছু করছে। কিন্তু তারা আর পারছে না।

টেড্রোস বলেন, শিশুদের স্বার্থেই আমি যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত কিউবা। চলতি বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র দেশটির ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তেল সরবরাহ বন্ধে অবরোধ কার্যকর করেছে। এতে কিউবার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট আরও তীব্র হয়েছে।

ছয় দশকেরও বেশি সময় ধরে চলা মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ওপর নতুন এই অবরোধ কিউবার কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। ১৯৬২ সাল থেকেই কিউবা যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার কমিউনিস্ট শাসক দলকে ক্ষমতাচ্যুত করতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এবং হাভানাকে তেল সরবরাহে বাধা দিয়েছেন।

এর আগে মঙ্গলবার হাভানা সফরের সময় কিউবার স্বাস্থ্যব্যবস্থার ভয়াবহ চিত্র তুলে ধরেন ডব্লিউএইচও প্রধান।

চলতি সপ্তাহে ডব্লিউএইচও প্রধান জানান, কমিউনিস্ট শাসিত কিউবায় মানুষের গড় আয়ু ২০২০ সালের ৭৮ দশমিক ৮ বছর থেকে ২০২৫ সালে কমে ৭৪ দশমিক ৪ বছরে নেমেছে। কিউবার অর্থনীতির পতন এবং দেশটির স্বাস্থ্যব্যবস্থার ভেঙে পড়ার জেরে এ অবস্থা দেখা দিয়েছে।

তবে ২০২৫ সালের এই পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধ আরোপের আগের। গত জানুয়ারিতে ওই অবরোধ কার্যকর হয়।

টেড্রোস জানান, কিউবায় শিশুমৃত্যুর হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০২০ সালে প্রতি এক হাজার জীবিত জন্ম নেওয়া শিশুর মধ্যে প্রায় ৪ জনের মৃত্যু হয়েছিল, যা ২০২৫ সালে বেড়ে ৯ দশমিক ৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া মাতৃমৃত্যুও বেড়েছে - ২০১৯ সালে প্রতি এক হাজার জীবিত জন্মে ৩৭ দশমিক ৪ থেকে ২০২৫ সালে ৪৪ দশমিক ১-এ দাঁড়িয়েছে।

এ ছাড়া শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ২০ লাখ ডলার সহায়তার ঘোষণা দেন ডব্লিউএইচও প্রধান।

কিউবার স্বাস্থ্য পরিস্থিতির জন্য নিষেধাজ্ঞাকে দায়ী করার পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ সমস্যার কথাও উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে কিউবা সরকারের ঘোষিত ব্যাপকভিত্তিক বাজারমুখী অর্থনৈতিক সংস্কারের কথা উল্লেখ করেন ডব্লিউএইচও প্রধান।

টেড্রোস বলেন, সরকার যে সংস্কারের প্রস্তাব দিয়েছে, তা অর্থনীতি, বাজারব্যবস্থা, স্বাস্থ্যসহ প্রায় সব খাতে বিস্তৃত।