রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,
বিশ্ব সংবাদ

স্টারলিংক দিয়ে মার্কিন বাহিনীতে ইরানের হামলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০২:০৮ পিএম

স্টারলিংক দিয়ে মার্কিন বাহিনীতে ইরানের হামলা

স্টারলিংক টার্মিনাল। ছবি: সংগৃহীত

ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যবহার করেছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেনা সমন্বয় ও একমুখী আক্রমণাত্মক ড্রোন পরিচালনায় এই সেবা কাজে লাগানো হয়েছে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর তেহরান পাল্টা হামলায় মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছিল। সেই পাল্টা হামলার সময়ই স্টারলিংকের ব্যবহার হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরে দেওয়া একটি গোপন প্রতিবেদনে ইরানের এই ব্যবহারের বিস্তারিত তুলে ধরা হয়েছে। চলতি বছরের গ্রীষ্মে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো ওই প্রতিবেদনে স্টারলিংকের মাধ্যমে সেনা নিয়ন্ত্রণ ও ড্রোন পরিচালনার কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন আরও চারটি সূত্র প্রতিবেদনটির দাবি নিশ্চিত করেছে।

স্পেসএক্সের প্রধান নির্বাহী এলন মাস্ক মার্চের প্রথম সপ্তাহে বিষয়টি জানতে পারেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। তাঁর প্রতিষ্ঠানের দল সিদ্ধান্তে পৌঁছায়, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহার ইরানের মার্কিন বাহিনীর বিরুদ্ধে তৎপরতার সঙ্গে যুক্ত ছিল। এ কথা জানার পর এলন মাস্ক ক্ষুব্ধ হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবায় মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার পর স্পেসএক্স বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। ওই হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। হামলার কয়েক ঘণ্টার মধ্যে স্পেসএক্স ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি গতিতে চলা উড়োজাহাজের জন্য পরিচয় যাচাইয়ের শর্ত চালু করে। কয়েক সপ্তাহ পর প্রতিষ্ঠানটি স্টারলিংক বিক্রির নেটওয়ার্কে বিধিনিষেধ কঠোর করে এবং অনুমোদিত পুনর্বিক্রেতাদের মাধ্যমে টার্মিনাল বিতরণের কর্মসূচি স্থগিত করে।

তবে প্রকাশ্যে বিক্রি হওয়া টার্মিনাল প্রতিপক্ষের হাতে যাওয়া ঠেকানো এখনো কঠিন বলে প্রতিবেদনে বলা হয়েছে। একবার টার্মিনাল বাজারে ছড়িয়ে পড়লে তার ব্যবহার নিয়ন্ত্রণ করা কঠিন বলে স্যাটেলাইট শিল্পের কর্মকর্তারা জানিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর অবশ্য এই দাবি নিশ্চিত করেনি। পেন্টাগনের মুখপাত্র কিংসলে উইলসন বলেছেন, কেন্দ্রীয় কমান্ডের এ ধরনের কোনো প্রতিবেদন সম্পর্কে দপ্তর অবগত নয়। পোর্ট শুয়াইবা হামলায় ইরান স্টারলিংক ব্যবহার করেছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন কিংসলে উইলসন।

মার্কিন কেন্দ্রীয় কমান্ডও বিস্তারিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছে। স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেন্টাগনের স্টারশিল্ড ব্যবহার নিয়েও ক্ষুব্ধ হয়েছেন এলন মাস্ক। স্টারশিল্ড হলো স্টারলিংকের সামরিক সংস্করণ। লুকাস নামের কম খরচের একমুখী আক্রমণাত্মক ড্রোন চালাতে পেন্টাগন স্থল অভিযানের জন্য নির্ধারিত সস্তা পরিকল্পনায় স্টারশিল্ড ব্যবহার করছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ বিষয়ে মে মাসে জানা গিয়েছিল, স্পেসএক্সের কর্মকর্তারা মনে করেন, মার্কিন সামরিক বাহিনী প্রতিটি টার্মিনালের জন্য প্রায় ৫ হাজার ডলার দিচ্ছিল, অথচ তারা প্রায় ২৫ হাজার ডলার মূল্যের উচ্চতর সেবা ব্যবহার করছিল। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছিল, বেশি মাসিক ফি উড়োজাহাজের জন্য নির্ধারিত ছিল, একমুখী আক্রমণাত্মক ড্রোনের জন্য নয়।

ইরানে স্টারলিংক পরিচালনার লাইসেন্স নেই, তবে এলন মাস্ক আগেই বলেছেন, দেশটিতে এই সেবা সক্রিয় আছে। জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় ইরান কর্তৃপক্ষ ইন্টারনেটে ব্যাপক বিধিনিষেধ আরোপ করলে স্পেসএক্স টার্মিনাল থাকা ইরানিদের বিনা মূল্যে এই সেবা দেয় বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র সরকার হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠিয়েছিল বলেও জানা গেছে।

এই সেবা ইরানের সাধারণ মানুষ ও ভিন্নমতাবলম্বীদের সরকারি সেন্সরশিপ এড়িয়ে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে সাহায্য করেছে। ফলে স্পেসএক্স ও মার্কিন কর্মকর্তাদের সামনে একটি কঠিন সমস্যা তৈরি হয়েছে। সামরিক ব্যবহার ঠেকাতে সেবা সীমিত করলে সেন্সরশিপ এড়াতে এই সেবার ওপর নির্ভর করা ইরানিরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন।

এলন মাস্কের ভাষ্য, স্টারলিংক একটি বাণিজ্যিক সেবা এবং এর শর্তে আক্রমণাত্মক অস্ত্র ব্যবস্থায় এর ব্যবহার নিষিদ্ধ। সরকার ও সামরিক বাহিনীকে সামরিক কাজে প্রতিরক্ষা-কেন্দ্রিক সংস্করণ স্টারশিল্ড ব্যবহারের নির্দেশ দিয়েছেন এলন মাস্ক। অক্টোবরে এক্সে দেওয়া এক পোস্টে এলন মাস্ক বলেছিলেন, স্টারলিংককে বেসামরিক নেটওয়ার্ক হিসেবেই থাকতে হবে। স্যাটেলাইটগুলোকে সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করলে কক্ষপথে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হতে পারে বলে সতর্ক করেছিলেন এলন মাস্ক।

আধুনিক যুদ্ধে স্টারলিংক এখন গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এই সেবা যুদ্ধক্ষেত্রের সমন্বয় ও ড্রোন পরিচালনায় কাজে লেগেছে। ইউক্রেনের কর্মকর্তারা এর আগে বলেছেন, স্টারলিংকের ওপর আরোপিত বিধিনিষেধে তাদের কিছু ড্রোন অভিযান ও সম্মুখসারির কার্যক্রম ব্যাহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক স্যাটেলাইট অবকাঠামোকে সামরিক ব্যবহার থেকে কীভাবে রক্ষা করা যায়, আবার সংঘাতপূর্ণ অঞ্চলের বেসামরিক মানুষের কাছে তা কীভাবে উন্মুক্ত রাখা যায়, সেই প্রশ্ন নতুন করে সামনে এসেছে। ইরানের সামরিক কাজে স্টারলিংক ব্যবহারের বিষয়টি এর আগে প্রকাশ্যে আসেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।