রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড ২৪৩ রানে এগিয়ে

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০১:৫৬ পিএম

তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড ২৪৩ রানে এগিয়ে

ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে রান নিচ্ছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা।

ভারতীয় পেসার আকাশ দীপ কনকাশনের কারণে ম্যাচ থেকে ছিটকে পড়ার পর রোববার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ২৪৩ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড।

দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৩৩ রান।

রাচিন রবীন্দ্র ৪৬ ও ড্যারিল মিচেল ৫ রান নিয়ে অপরাজিত আছেন।

জসপ্রিত বুমরাহ ১২ ওভার বোলিং করে ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন।

টেস্ট ক্যারিয়ারে উইকেটশূন্য থাকার দীর্ঘতম সময় পার করার পর এই সিরিজে ২৯২ বল পর উইকেটের দেখা পেয়েছেন তিনি।

প্রথম ইনিংসে ৯৯ রানে ৫ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা আকাশ দীপকে ছাড়াই খেলতে হয়েছে ভারতকে।

ব্যাটিংয়ের সময় কনকাশনে আক্রান্ত হওয়ায় তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।

এক ওভারে কাইল জেমিসনের দুটি বল আকাশ দীপের হেলমেটে আঘাত হানে।

প্রথমে মাঠেই টিম ফিজিও তার প্রয়োজনীয় চিকিৎসা দেন।

পরে ড্রেসিংরুমে ফিরে উপসর্গ অনুভব করায় পরে তাঁকে ম্যাচ থেকে বাদ দেওয়া হয়।

জেমিসন বলেন, মাঠে থাকাকালে তাঁর সঙ্গে কথা বলেছিলাম।

আবার দেখা হলে তাঁর খোঁজ নেব।

কারও সঙ্গে এমন ঘটনা ঘটতে দেখা কখনোই ভালো লাগে না।

আশা করি, সে ঠিক আছে এবং আগামীকাল আরও ভালো বোধ করবে।

খেলায় এমন দুর্ভাগ্যজনক ঘটনা প্রায়ই ঘটে।

তবে ওই জুটিতে সে দারুণ সাহস ও দৃঢ়তা দেখিয়েছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আকাশ দীপ না থাকায় ভারত শুরুতে কার্যকর কয়েকটি ওভার করার জন্য অফস্পিনার ওয়াশিংটন সুন্দরকে বোলিংয়ে নিয়ে আসে।

প্রথম স্পেলে টম লাথাম ও হেনরি নিকোলসকে ফিরিয়ে দেন বুমরাহ।

পরে সুন্দর ৫১ রান করা ডেভন কনওয়েকে আউট করেন।

পয়েন্টে যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত ডাইভিং ক্যাচে সাজঘরে ফেরেন কনওয়ে।

এর আগে ভারত ২৪৬ রানে অলআউট হয়।

ধ্রুব জুরেল ৮৮ রান করে ৭ উইকেটে ১১৭ রান থেকে দলকে ফলোঅন এড়াতে সাহায্য করেন।

১৭০ বলের ইনিংসে ১৪টি বাউন্ডারি হাঁকান জুরেল।

গুরনুর ব্রারের সঙ্গে নবম উইকেটে ৬৪ রানের জুটি গড়েন তিনি।

ভারতের বিপক্ষে জেমিসন ছিলেন সবচেয়ে কার্যকর বোলার।

বলের গতিপথ ও পিচ থেকে মুভমেন্ট আদায় করে ৬৯ রানে ৪ উইকেট নেন তিনি, যা ভারতীয় ব্যাটারদের নিয়মিত অস্বস্তিতে ফেলেছে।

ম্যাট হেনরি, নাথান স্মিথ ও জ্যাকব ডাফি দুটি করে উইকেট নিয়েছেন।

দিনের খেলা শুরু হয়েছিল ৬ উইকেটে ১১৬ রান নিয়ে, নিউজিল্যান্ডের চেয়ে ২৪০ রানে পিছিয়ে ছিল ভারত।

জুরেলের সংগ্রহ ছিল ৭ রান, আর আনশুল কাম্বোজ তখনও ব্যাটিং শুরু করেননি।

তৃতীয় দিনের সকালে মাত্র পাঁচ বল টিকে ছিলেন কাম্বোজ।

হেনরির বলে তৃতীয় স্লিপে হেনরি নিকোলসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

আকাশ দীপকে শর্ট বল দিয়ে চাপে রাখেন জেমিসন।

১১ রানে এক ওভারে দুবার তাঁর হেলমেটে আঘাত লাগে।

দ্বিতীয় আঘাতের পর হেলমেট বদলাতে হয় তাঁকে।

আঘাতের পরও সাহসের সঙ্গে ব্যাটিং করেন আকাশ দীপ।

দলের টপ অর্ডারের ব্যাটারদের চেয়ে বেশি রান করে তাঁদের ব্যর্থতার বিপরীতে দৃঢ়তা দেখান তিনি।

শেষ পর্যন্ত নাথান স্মিথের বলে রক্ষণাত্মক শট খেলতে গিয়ে বল ব্যাটের কানায় লেগে টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দেন আকাশ দীপ।

২৯ রান করে ফেরেন তিনি।

নতুন ব্যাটার ব্রারের সঙ্গে ব্যাটিং করার সময় জুরেল স্ট্রাইক নিয়ন্ত্রণে রাখেন।

অভিষিক্ত ব্রারকে স্বস্তি দিতে ওভার শেষে কেবল সিঙ্গেল নিয়ে স্ট্রাইক বদল করেন তিনি।

নতুন বল নেওয়ার পরই ব্রার ও জুরেলকে বিচ্ছিন্ন করতে সক্ষম হয় নিউজিল্যান্ড।

জুরেল বলেন, দলের যখন সবচেয়ে বেশি প্রয়োজন, তখন অবদান রাখতে পারাটা সবসময়ই ভালো লাগে।

গত সপ্তাহে ওয়েলিংটনে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়েছিল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে নিউজিল্যান্ড তৃতীয় স্থানে রয়েছে।