নভেম্বর ২৯, ২০২৬, ০১:৫০ পিএম
হরমুজ প্রণালীতে তিন আরোহী নিয়ে চলাচলকারী একটি মাছ ধরার নৌকায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান।
আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ইরান এই নৌপথ বন্ধের চেষ্টা চালালেও সেখানে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দিতে কাজ করছে মার্কিন সামরিক বাহিনী।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির উপকূলের কাছে মাছ ধরার নৌকাটিতে হামলা চালানো হয়।
হামলার পর উদ্ধারকারীরা নৌকাটির মালিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।
নৌকায় থাকা অন্য দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা থমকে গেছে।
বিশেষ করে গত জুনে স্থায়ী সমাধানের পথনকশা নিয়ে হওয়া একটি চুক্তি ভেস্তে যাওয়ার পর পরিস্থিতির আর অগ্রগতি হয়নি।
ইরান জানিয়েছে, ওয়াশিংটন তাদের দেওয়া দাবিগুলো মেনে নিলে আগামী দুই দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব।
এসব দাবির মধ্যে প্রণালীতে আরোপ করা অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন