নভেম্বর ২৯, ২০২৬, ০১:১৪ পিএম
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলে শনিবার ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
এতে লস অ্যাঞ্জেলেস এলাকার বিভিন্ন ভবনের জানালা কেঁপে ওঠে।
ভূমিকম্পের কারণে শহরের বিমানবন্দরে অবতরণের ঠিক আগমুহূর্তে একটি যাত্রীবাহী বিমানকে অবতরণ বাতিল করতে হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি ম্যানহাটন বিচ শহরের উপকূলে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।
মূল ভূমিকম্পের পরপরই কয়েকটি আফটারশক অনুভূত হয়।
ভূমিকম্পে বিভিন্ন গাড়ির অ্যালার্ম বেজে ওঠে এবং বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে যায়।
এ ছাড়া স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা চালু হওয়ায় একটি তেল শোধনাগার থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ক্যালিফোর্নিয়ার গভর্নরের জরুরি সেবা কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব মূল্যায়নে তারা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।
সংস্থাটি আরও বলেছে, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না। তাই পরবর্তী কম্পন মোকাবিলায় প্রস্তুত থাকুন।
এদিকে, ভূমিকম্পের সময় লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছে পৌঁছানোর পর ডেলটা এয়ারলাইনসের একটি বিমানকে অবতরণ বাতিল করতে হয়।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে এ দৃশ্য দেখা গেছে।
বিমানটি অবতরণের জন্য রানওয়ে ছোঁয়ার প্রায় মুহূর্তে ভূমিকম্প আঘাত হানে।
রানওয়েতে কোনো ফাটল তৈরি হয়েছে কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অবতরণ না করার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস একটি সংবাদমাধ্যমকে বলেন, এ সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল।
কারণ, রানওয়ে পরীক্ষা না করা পর্যন্ত তারা কীভাবে নিশ্চিত হবেন যে সেখানে কোনো ফাটল তৈরি হয়নি।
পরবর্তী একটি কম্পনে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের একটি টার্মিনালের ছাদের সাদা রঙের একটি প্যানেল খুলে পড়ে।
ওই টার্মিনালের কয়েকটি জানালাও ভেঙে যায়।
বাড়ি ফেরার জন্য বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন মেরিল্যান্ডের ২৭ বছর বয়সী আইনজীবী কেনা ক্রেমার।
স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, মানুষজন ভয়ে পেয়ে গিয়েছিল। এক নারী সামান্য চিৎকার করেছিলেন। এরপর সবাই শান্ত হয়ে যায়।
বিমানবন্দরের পরিস্থিতি তুলে ধরে ক্যালিফোর্নিয়ার গভর্নরের পোস্টের নিচে একজন মন্তব্য করেন, কেউ এমন আচরণ করছিলেন যেন কিছুই ঘটেনি, কেউ কাঁদছিলেন, আবার কেউ মেঝেতে শুয়ে ছিলেন।
মূল ভূমিকম্পের পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি শেভরন তেল শোধনাগারে সম্ভাব্য বিপদ এড়াতে স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা চালু করা হয়।
এর অংশ হিসেবে অতিরিক্ত গ্যাস পুড়িয়ে আগুনের শিখা ও ধোঁয়া বের করা হয়।
শেভরন কর্তৃপক্ষ জানিয়েছে, বিরতিতে বিরতিতে আগুনের শিখা ও ধোঁয়া বের হওয়ার বিষয়টি নিয়ন্ত্রণে ছিল এবং এতে আশপাশের মানুষের নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি হয়নি।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ভূমিকম্পের পর তাদের সব ইউনিটকে জরুরি প্রস্তুতিমূলক অবস্থায় রাখা হয়।
বিভাগের আওতাধীন গুরুত্বপূর্ণ অবকাঠামোর অবস্থা যাচাই করতে ১০০টির বেশি ফায়ার স্টেশনের কর্মীরা স্থল, আকাশ ও সমুদ্রপথে পরিদর্শন চালান।
পরিদর্শন শেষে বিভাগের ওয়েবসাইটে বলা হয়, লস অ্যাঞ্জেলেস শহরের মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা পাওয়া যায়নি।
ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প নতুন কিছু নয়।
তবে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক ও ভূকম্পবিদ লুসি জোনস স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, লস অ্যাঞ্জেলেস এলাকায় বেশ কিছুদিনের মধ্যে এটি অন্যতম বড় ভূমিকম্প।
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল কয়েকটি ভূ-গাঠনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।
এ কারণে সেখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।
অধিকাংশ ভূমিকম্পই ছোট মাত্রার হওয়ায় মানুষ তেমন টের পায় না।
লস অ্যাঞ্জেলেসের বৃহত্তর এলাকায় বসবাসকারী ১ কোটি ৮০ লাখের বেশি মানুষের কাছে এমন ছোট কম্পন খুব একটা অস্বাভাবিক নয়।
তবে অতীতেও এ অঞ্চলে বেশ কয়েকটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে।
এর মধ্যে ১৯৯৪ সালে লস অ্যাঞ্জেলেসের নর্থরিজ এলাকায় আঘাত হানা ভূমিকম্পে কয়েক ডজন মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হন।
এতে বাড়িঘর ও অবকাঠামোর কয়েক শ কোটি ডলারের ক্ষতি হয়েছিল।
এছাড়া ১৯০৬ সালে সান ফ্রান্সিসকোয় ভয়াবহ ভূমিকম্পের পাশাপাশি সুনামিও আঘাত হানে।
ধারণা করা হয়, ওই দুর্যোগে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়। তাঁদের মধ্যে অনেকে ভূমিকম্পের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে প্রাণ হারায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন