রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

গম বোনার উপযুক্ত সময় এখন, জেনে নিন করণীয়

কৃষি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০১:২৬ পিএম

গম বোনার উপযুক্ত সময় এখন, জেনে নিন করণীয়

গমের ক্ষেত। ফাইল ছবি। ছবি: তানভীর রাহাত।

ধানের পর দেশের দ্বিতীয় প্রধান দানাশস্য গম রবি মৌসুমের ফসল। গম বোনার উপযুক্ত সময় এখন - নভেম্বরের শেষ দুই সপ্তাহ। এই সময়ে বুনলে গাছ শীতের অনুকূল আবহাওয়া পায়, আর মার্চ-এপ্রিলে ফসল তোলার উপযুক্ত হয়। দেরিতে বুনলে গরম পড়ার আগেই গম পুষ্ট হওয়ার সময় কমে যায়, ফলে ফলন কমে যাওয়ার ঝুঁকি থাকে।

ভালো ফলনের জন্য এলাকার উপযোগী উন্নত জাত বাছা জরুরি। বারি গম-২৫ তাপ ও লবণ সহনশীল, জীবনকাল ১০২ থেকে ১১০ দিন, হেক্টরে ফলন ৩ দশমিক ৬ থেকে ৫ টন। বারি গম-২৭ তাপসহিষ্ণু, জীবনকাল ১০৫ থেকে ১১০ দিন, হেক্টরে ফলন ৪ থেকে ৫ দশমিক ৪ টন। বারি গম-২৮ স্বল্পমেয়াদি, জীবনকাল ১০২ থেকে ১০৮ দিন, হেক্টরে ফলন ৪ থেকে ৫ দশমিক ৪ টন। বারি গম-২৯-এর জীবনকাল ১০৫ থেকে ১১০ দিন, হেক্টরে ফলন ৪ থেকে ৫ দশমিক ৫ টন। বারি গম-৩০ স্বল্পমেয়াদি, জীবনকাল ১০০ থেকে ১০৫ দিন, হেক্টরে ফলন ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ টন। যেসব এলাকায় আমন ধান কাটতে দেরি হয়, সেখানে তাপ সহনশীল বারি গম-২৫ বা স্বল্পমেয়াদি বারি গম-৩০ বুনলে ভালো ফলন পাওয়া যায়।

বীজ বোনার আগে অনুমোদিত ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে নিতে হবে। শতকরা ৮০ ভাগ বা তার বেশি অঙ্কুরোদগম ক্ষমতা আছে এমন শোধিত বীজ হেক্টরে ১২০ কেজি হারে বুনতে হবে, বিঘায় লাগবে ১৬ কেজি। জমিতে জো এলে ৩ থেকে ৪টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে। সারিতে বুনলে সারি থেকে সারি ২০ সেন্টিমিটার দূরত্বে ও ৪ থেকে ৫ সেন্টিমিটার গভীরে বীজ বুনতে হবে। ছিটিয়েও বীজ বোনা যায়, তবে সারিতে বুনলে নিড়ানিসহ আন্তঃপরিচর্যার কাজে সুবিধা হয়।

মধ্যম উর্বর জমিতে ভালো ফলনের জন্য হেক্টরপ্রতি সারের মাত্রা হলো টিএসপি ২৪০ কেজি, ইউরিয়া ১২৫ কেজি, এমপি ১২৫ কেজি, জিপসাম ১২৫ কেজি, বরিক এসিড ৭ কেজি ও গোবর বা কম্পোস্ট ৬০০০ কেজি। জৈব সার দেওয়ার পর শেষ চাষের আগে দুই-তৃতীয়াংশ ইউরিয়া এবং সম্পূর্ণ টিএসপি, পটাশ, জিপসাম ও বোরন সার দিতে হবে। বাকি এক ভাগ ইউরিয়া বপনের ১৭ থেকে ২১ দিন পর, চারার তিন পাতা অবস্থায় প্রথম সেচের পর উপরি প্রয়োগ করতে হবে। মাটি পরীক্ষা করে সার দিলে খরচ বাঁচে, ফলনও ভালো হয়।

ধানের তুলনায় গম চাষে সেচ অনেক কম লাগে। তিনবার সেচ দিলে ফলন বেশি পাওয়া যায় - বীজ বপনের ১৭ থেকে ২১ দিনের মধ্যে প্রথম সেচ, ৫০ থেকে ৫৫ দিনে দ্বিতীয় সেচ এবং ৭৫ থেকে ৮০ দিনে তৃতীয় সেচ দিতে হবে।

সঠিক সময়ে বোনা গম মার্চ-এপ্রিলে কাটার উপযুক্ত হয়। বোনার পর ১০ থেকে ১২ দিন পর্যন্ত পাখি তাড়ানোর ব্যবস্থা রাখতে হবে, যাতে বীজ নষ্ট না হয়।