রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

ধুরন্ধর নকল করতে গেলে ব্যর্থ হবেন: জাভেদ আখতার

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১২:২৬ পিএম

ধুরন্ধর নকল করতে গেলে ব্যর্থ হবেন: জাভেদ আখতার

জাভেদ আখতার, আদিত্য ধর ও রণবীর সিং। ছবি: বলিউড হাঙ্গামা

প্রবীণ গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার বলেছেন, একটি ছবি হিট হলেই সবাই সেই ছবির মতো ছবি বানাতে ছোটে, আর এটাই বলিউডের সবচেয়ে বড় দুর্বলতা। চলচ্চিত্র সমালোচক কোমল নাহতার সঙ্গে আলাপে তিনি বলেন, সফল ছবির ছক অনুসরণ করে নতুন কিছু বানানো যায় না, দর্শককে চমকে দিতে হলে বাজারে যা নেই, তেমন কিছু দিতে হয়।

আলাপে জাভেদ আখতার প্রশংসা করেন আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর ছবির। তিনি বলেন, ছবিটি একেবারে আলাদা ধরনের বলেই হিট হয়েছে, বিশেষ করে এর প্রথম অংশ তার খুব ভালো লেগেছে। পরিচালকের সঙ্গে তার আগে তেমন পরিচয় ছিল না, ছবি দেখার পর তিনি নিজে তার নম্বর খুঁজে বের করে ফোনে অভিনন্দন জানান।

জাভেদ আখতার বলেন, ধুরন্ধরের পরিচালনা, লেখা, চিত্রনাট্যের গাঁথুনি আর সংলাপ সবই প্রশংসার যোগ্য। ছবির পেছনে গভীর গবেষণা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। মহল্লা, গলি, পেছনে হেঁটে যাওয়া পথচারী পর্যন্ত সবকিছু এতটাই আসল মনে হয় যে কিছুই কৃত্রিম লাগে না।

তার ভাষায়, এখন সবাই ধুরন্ধর বানাতে চাইবে, কিন্তু তা বানানো যাবে না, আর এটাই বোকামি। পালের মানসিকতা নিয়ে তিনি বলেন, পালের সব ভেড়া এক রকম হয়, কিন্তু ধুরন্ধরের পরিচালকের মতো হওয়া যায় না। চেষ্টা করলেও সফল হওয়া যাবে না, কারণ ওই কাজ কেবল তিনিই করতে পারেন।

জাভেদ আখতার আরও বলেন, ৯৯ শতাংশ মানুষ যা বানানো হয়ে গেছে, তা-ই বানাতে চায়। অনেক অভিনেতা আসলে পরিচালকের আগের সফল ছবিতেই কাজ করছেন, পরের ছবিটিও তত বড় হিট হবে এই আশায়। অথচ বাজারে যা আছে, তা বানিয়ে দর্শককে চমকে দেওয়া যায় না।

তার মতে, এ কারণেই বেশির ভাগ ছবি অতি সাধারণ হয়ে যাচ্ছে। নিজে ভাবার অভ্যাস নেই বললেই চলে, সবাই শুধু দেখে এই মুহূর্তে কী চলছে। তবে তিনি মনে করেন, ধুরন্ধরের মতো ছবি নকল করা যাবে না, কারণ এর পেছনে রয়েছে পরিশ্রম আর আসল পরিবেশ গড়ে তোলার সাধনা।