নভেম্বর ২০, ২০২৬, ০৩:০৩ পিএম
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
ওই সময়ের পূর্বাভাসে জানানো হয়, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব-উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া গত ৬ ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং শনিবার সূর্যোদয় ভোর ৬টা ১৮ মিনিটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন