শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

সিলেটে প্রতিমন্ত্রীর বাসভবনের গেটে আগুনের চেষ্টা, সিসি ক্যামেরা পরীক্ষা

জাতীয় ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ১২:৪৪ পিএম

সিলেটে প্রতিমন্ত্রীর বাসভবনের গেটে আগুনের চেষ্টা, সিসি ক্যামেরা পরীক্ষা

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা, তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে সিলেট মহানগরীর দাড়িয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কাপড় জাতীয় কোনো বস্তু দিয়ে বাসার সামনের গেটে আগুন লাগানোর চেষ্টা করা হয়।

ওই বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন এবং তিনি নিজেও সিলেট সফরে গেলে সেখানে থাকেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন জানান, ভোররাতের দিকে গেটে আগুন দেওয়ার চেষ্টা হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানান তিনি।

শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটে পৌঁছানোর কথা রয়েছে।

তাঁর সফরের আগে বাসভবনের গেটে এমন ঘটনার পর স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ।