নভেম্বর ২০, ২০২৬, ১১:০২ এএম
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।
শিবিরে পৌঁছালে রোহিঙ্গারা তাকে স্বাগত জানান। এই সফরে রোহিঙ্গাদের সঙ্গে তার সরাসরি কথা বলার কথা রয়েছে। নিজেদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, নিরাপত্তাহীনতা, নাগরিকত্বের অধিকার এবং মিয়ানমারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শরণার্থীরা তার কাছে তুলে ধরবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করবেন খলিলুর রহমান। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় রায় ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালত। ২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়ার দায়ের করা ওই মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়। রায়ের পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির এই শিবির পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।
আইসিজের রায় রোহিঙ্গাদের কাছে শুধু আইনি স্বীকৃতি বা ন্যায়বিচারের বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে নিজ দেশে ফিরে যাওয়ার দীর্ঘ প্রতীক্ষা। রোহিঙ্গাদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্ত মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সহজ করবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সফরকে স্বাগত জানিয়ে কিন মং বলেন, খলিলুর রহমানকে রোহিঙ্গা শিবিরে স্বাগত জানানোর কথা উল্লেখ করে তিনি জানান, আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন খলিলুর রহমান। কিন মংয়ের ভাষায়, এবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের নিজেদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন কিন মং।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন