শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

বিষাক্ত মদ পান করে ভারতের মণিপুরে দুই দিনে ১৫ মৃত্যু, ভর্তি ১৮০ জন

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ১২:৩৭ পিএম

বিষাক্ত মদ পান করে ভারতের মণিপুরে দুই দিনে ১৫ মৃত্যু, ভর্তি ১৮০ জন

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চান্দেল জেলায় বিষাক্ত বা ভেজাল মদ পানে গত দুই দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে আরও ১৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চান্দেল জেলা পুলিশ সুপারের দপ্তরের বিবৃতি অনুযায়ী, গত ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে; মৃতদের মধ্যে কেউ বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা হাসপাতালে প্রাণ হারান।

ঘটনার পর জনস্বাস্থ্য সতর্কতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবারের নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চান্দেলের বাসিন্দাদের—বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় পাওয়া সন্দেহজনক উৎসের—স্থানীয়ভাবে তৈরি মদ বা যেকোনো সন্দেহজনক অ্যালকোহলযুক্ত পানীয় পান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যালকোহল পানের পর বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হওয়া বা শ্বাসকষ্ট দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে বলা হয়েছে।

মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে দায়ী ব্যক্তিদের শনাক্তে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইম্ফল থেকে প্রয়োজনীয় ওষুধসহ জেনারেল মেডিসিন বিশেষজ্ঞদের একটি মেডিকেল টিম চান্দেল জেলায় পাঠানোর কথাও বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি। সূত্র : ইন্ডিয়া টুডে