বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে বিজিবি ক্যাম্প উদ্বোধন, জোরদার হচ্ছে সীমান্ত নিরাপত্তা

আবু সালেহ মোঃ রায়হান

আগস্ট ১৩, ২০২৬, ১২:১৬ পিএম

পঞ্চগড়ে বিজিবি ক্যাম্প উদ্বোধন, জোরদার হচ্ছে সীমান্ত নিরাপত্তা

দিনাজপুর টিভি

সীমান্তের সার্বিক নিরাপত্তা বাড়াতে পঞ্চগড়ে বিজিবি ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নে মাধুপাড়া বর্ডার অবজারভেশন পোস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর মাধ্যমে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী ২২ কিলোমিটার অরক্ষিত সীমান্তের নিরাপত্তা বলয় শক্তিশালী হলো।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এই ক্যাম্প কার্যকর ভূমিকা রাখবে।

 

সকাল ১০টার দিকে ফিতা কেটে নতুন এই ক্যাম্পের উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের। পরে তিনি প্যারেড গ্রহণ করেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন শেষে নামফলক উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া ও নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এএসএম নাসের জানান, সীমান্তে মানব পাচার ও মাদক প্রতিরোধে বিজিবি অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে। নতুন এই ক্যাম্প নীলফামারী ব্যাটালিয়নের অপারেশন সক্ষমতা আরও কয়েক গুণ বাড়িয়ে তুলবে।

দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে ক্যাম্প চত্বরে একটি আমের চারা রোপণ ও দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।