শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
হাফ ভাড়া নিয়ে বিরোধ

হাফ ভাড়া নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগে নীলাচলের ৮ বাস আটকে বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ০৩:৫৯ পিএম

হাফ ভাড়া নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগে নীলাচলের ৮ বাস আটকে বিক্ষোভ

বাসে হাফ ভাড়া নিয়ে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে শনিবার সকালে ইডেন মহিলা কলেজের সামনে নীলাচল পরিবহনের সাত থেকে আটটি বাস আটকে রেখে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এই প্রতিবাদে সংহতি জানিয়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীও বিক্ষোভে অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযুক্ত বাসকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করার দাবি তুলেছেন।

ঘটনার সূত্রপাত শুক্রবার। ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাল্গুনী জাহান বৃষ্টির অভিযোগ, সাভার যাওয়ার পথে নীলাচল পরিবহনের একটি বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসের এক কর্মী তার সঙ্গে অশোভন আচরণ করেন। ফাল্গুনীর ভাষ্য অনুযায়ী, বাসে ওঠার আগে ওই কর্মী গন্তব্য জানতে চান এবং সাভার যাওয়ার কথা শুনে তাকে বাসে উঠতে বলেন। বাসে ওঠার পর শিক্ষার্থীদের পরিচয় জানতে চাইলে তিনি পরিচয়পত্র দেখান এবং নিয়মিত যাতায়াতের মতো ৩০ টাকা ভাড়া দেন, কিন্তু বাসকর্মী ৪৫ টাকা দাবি করেন।

নিয়মিত ৩০ টাকা দিয়ে যাতায়াতের কথা জানালে ওই কর্মী দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেছেন ফাল্গুনী। তার বক্তব্য অনুযায়ী, ওই কর্মী তার দিকে ১০ টাকা মুখে ছুড়ে দিয়ে বলেন, বাস থেকে গাবতলীতে নেমে যাবি। সাভার যাওয়ার কথা বলে বাসে উঠিয়ে মাঝপথে নামতে বলা হচ্ছে কেন—এমন প্রশ্ন করলে ওই কর্মী বলেন, তুই নামবি না কেন, তোর বাপসহ নামবি।

ফাল্গুনী আরও অভিযোগ করেছেন, বাসে থাকা আরেকজন শিক্ষার্থীর সঙ্গেও ওই কর্মী খারাপ ব্যবহার করেন এবং কয়েকজন যাত্রী প্রতিবাদ জানালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করলেও কিছু করতে পারেননি বলে হুমকিসূচক মন্তব্য করেন। নিজের ইচ্ছায় নয়, বরং গন্তব্য জেনে বাসকর্মীই তাকে উঠিয়েছিলেন উল্লেখ করে ভাড়া নিয়ে আপত্তি করায় এই আচরণের শিকার হওয়ার কথা জানিয়েছেন তিনি।