নভেম্বর ২১, ২০২৬, ০৪:১৮ পিএম
বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড়ের প্রভাবে মাঠে থাকা আমন ধান এবং সদ্য রোপণ করা আলু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জয়পুরহাটের কৃষকেরা। বৃষ্টির পরিমাণ বাড়লে জমিতে পানি জমে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।
জেলার বিভিন্ন এলাকায় এখন আমন ধান কাটার প্রস্তুতি চলছে, কোথাও কোথাও ধান পাকতে শুরু করেছে, আর অন্যদিকে আগাম আলু চাষের জন্য জমি প্রস্তুত করে বীজ রোপণ করছেন কৃষকেরা।
কৃষকদের আশঙ্কা, টানা বৃষ্টি হলে পাকা আমন ধান জমিতে পড়ে নষ্ট হতে পারে। আলুর জমিতে পানি জমলে বীজ পচে যাওয়া, গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া এবং রোগবালাইয়ের প্রকোপ বাড়ার পাশাপাশি উৎপাদন খরচ তুলতে না পারার শঙ্কাও রয়েছে অনেকের।
এক বিঘা জমিতে আমন ধান চাষ করা কৃষক তরিকুল ইসলাম জানান, তার ধান পেকে গেছে এবং কেটে নতুন করে আলু রোপণের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, শুক্রবার বিকেল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শনিবার সকাল থেকে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে আমরা কৃষকেরা ফসলহানির শঙ্কায় আছি।
দুই দিন আগে জমিতে আলুর বীজ রোপণ করা কৃষক সুজাউল ইসলাম জানান, এরপর থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে তিনি শঙ্কায় আছেন। তার ভাষ্য, ভারী বৃষ্টিতে আলুর জমি ডুবে গেলে এবং পানি বাড়তে থাকলে বীজ পচে যাওয়ার আশঙ্কা রয়েছে, অথচ এমনিতেই পরপর দুই বছর আলু চাষ করে লোকসানে পড়েছেন তিনি।
আমন ও আলুকে এ অঞ্চলের অন্যতম প্রধান ফসল উল্লেখ করে কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, আবহাওয়া অনুকূলে না থাকলে কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখা ও জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার পরামর্শ দিলেও বৃষ্টির পরিমাণ ও স্থায়িত্বের ওপর অনেকটা ফসলের ভবিষ্যৎ নির্ভর করছে বলে জানান তারা।
জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জয়পুরহাটের পাঁচটি উপজেলার বিভিন্ন মাঠে প্রায় ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে এবং পাঁচটি উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৮ হাজার ৪০০ হেক্টর জমিতে।
জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজু আলম সরকার জানান, জয়পুরহাটের পাঁচটি উপজেলায় শনিবার ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইতোমধ্যে জেলায় প্রায় ২০ শতাংশ আমন ধান কাটা ও মাড়াই শেষ করেছেন কৃষকেরা এবং কোথাও কোথাও আগাম জাতের আলুর বীজ রোপণে ব্যস্ত রয়েছেন। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি না হলে আলুর কোনো ক্ষতি হবে না বলে আশাবাদী তিনি, পাশাপাশি কৃষি বিভাগ সব সময় কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা দিচ্ছে বলে জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন