রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ১০:৩৯ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঝড়ো হাওয়ায় দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতভর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো ভারী বৃষ্টি হয়েছে। 

বুধবার সকাল ৬টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস শুরু হলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। কিছুক্ষণ পর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল শুরু হয়। 

তবে পুনরায় আবহাওয়া খারাপ হয়ে নদী উত্তাল হয়ে যাওয়ায় সকাল সাড়ে ৭টা থেকে আবারও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভূঁইয়া জানান, হঠাৎ নদীতে ঝড়ো বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 

বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।এদিকে একই কারণে আরিচা-কাজিরহাট রুটেও ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। 

ফেরির পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচলও সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের জট বাড়ছে, যা যাত্রী ও চালকদের বিড়ম্বনায় ফেলেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দিনভর এই বৈরী পরিস্থিতি বজায় থাকতে পারে।