জুন ১৮, ২০২৬, ০১:৩২ পিএম
বৈরী আবহাওয়া ও তীব্র ঢেউয়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রবল ঝড়-বৃষ্টি ও পদ্মা নদীতে তীব্র ঢেউয়ের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর ফলে নৌরুটের উভয় প্রান্তে অসংখ্য যাত্রীবাহী যানবাহন ও পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এর আগে একই কারণে বেলা ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দৌলতদিয়া প্রান্তে তীব্র ঝড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।নদীতে তীব্র ঢেউ ও ঝড়ো বাতাসের কারণে সাধারণ যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হবে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত এই নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় উভয় নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন