রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক দ্রুত শেষের তাগিদ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ০২:৪৯ পিএম

ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক দ্রুত শেষের তাগিদ

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে যৌথভাবে বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে প্রকল্পের কাজের সার্বিক গতি দ্রুত বাড়ানোর নির্দেশনা দেন তিনি।

প্রকল্পের যেকোনো দীর্ঘসূত্রতা পরিহার করার স্পষ্ট তাগিদ দেন প্রধানমন্ত্রী। সভায় তিনি বাস্তবায়ন প্রক্রিয়ায় থাকা সব প্রতিবন্ধকতা দ্রুত চিহ্নিত করে তা অপসারণ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভেতর নিবিড় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সাধন এবং সামগ্রিক কাজ সমাপ্তির জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। যেকোনো মূল্যে এই অবকাঠামোর দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়।

উচ্চপর্যায়ের এই বৈঠকে সরকারের একাধিক নীতি-নির্ধারক ও শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।