শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

দিল্লি না, পিন্ডি না, সবার আগে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ৭, ২০২৬, ০৬:১৪ পিএম

দিল্লি না, পিন্ডি না, সবার আগে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে শুরু হওয়া বিশাল শোভাযাত্রাটি নির্ধারিত রুট ধরে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে পৌঁছেছে। এই শোভাযাত্রায় মোট সাত কিলোমিটার রাস্তা হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। শোভাযাত্রার পুরোভাগে থেকে এর নেতৃত্ব দেন তিনি।

র‍্যালিতে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।

র‍্যালি শুরুর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

নয়াপল্টন থেকে শুরু হয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। এর আগে র‍্যালিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

নয়াপল্টন ও এর আশপাশের পুরো এলাকা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলের শীর্ষ নেতাদের ছবিসংবলিত প্ল্যাকার্ডে মুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের স্লোগানে চারপাশ প্রকম্পিত হয়।

উল্লেখ্য, রাজধানী ঢাকা ছাড়াও শনিবার দেশের বিভিন্ন জেলা ও মহানগরে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে র‍্যালি পালিত হয়েছে। এর ধারাবাহিকতায় পরদিন ৮ নভেম্বর দেশের প্রতিটি থানা ও উপজেলা পর্যায়ে এই র‍্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।