অক্টোবর ২৯, ২০২৬, ১০:৫০ পিএম
সৌদি আরবে দুধ দিয়ে গোসল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করা জামালপুরের এক প্রবাসীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর থেকে প্রবাসী আজিজ আকন্দের ধারণকৃত ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
আজিজ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোপালপুর এলাকার বাসিন্দা। প্রায় চার বছর আগে জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে যান। পরিবার সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে তার সাথে পারিবারিকভাবে শান্তনা আক্তারের বিয়ে হয়েছিল। তাদের সংসারে ছয় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
আজিজের দাবি, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তার স্ত্রী শিশুকন্যাকে বাড়িতে রেখে অন্য এক যুবকের সাথে চলে যান।
একই সাথে তিনি বাড়ি থেকে তিন লাখ টাকা এবং তিন ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন এই প্রবাসী।
স্ত্রীর এমন পদক্ষেপে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বৃহস্পতিবার সকালে সৌদি আরব থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রচার করেন আজিজ। সে সময় তাকে দুধ দিয়ে গোসল করতে দেখা যায়।
ভিডিওতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্বাস করে স্ত্রীকে রেখে এসেছিলেন, কিন্তু শিশুকন্যাকে ফেলে তিনি অন্যের হাত ধরে চলে গেছেন। এ ঘটনার বিচার তিনি পবিত্র কাবাঘরে গিয়ে আল্লাহর কাছে চাইবেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আজিজের পরিবারের সদস্যরা মাদারগঞ্জ থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করেন।
এদিকে আনীত অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শান্তনা আক্তারের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তার পরিবারের সদস্যদের বক্তব্য জানার উদ্দেশ্যে তাদের বসতবাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি, যার ফলে তাদের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।
মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম জানান, প্রবাসীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন