রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
বঙ্গোপসাগর পরিস্থিতি

বঙ্গোপসাগরের লঘুচাপ রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ১০:৪৬ এএম

বঙ্গোপসাগরের লঘুচাপ রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। গত রোববার রাতের মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হতে পারে আকভান। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী আঠারো নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় দেশের কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও অনুভূত হতে পারে।

নভেম্বরের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ বলছে, গভীর লঘুচাপটি আপাতত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর সম্ভাব্য গতিপথে ভারতের অন্ধ্র প্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে শেষ পর্যন্ত এটি কোন দিকে মোড় নেবে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ সৃষ্টি হওয়ায় ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে আবহাওয়া অধিদপ্তর। গত শনিবার জারি করা এক বিশেষ আবহাওয়া বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের প্রতি কঠোর অনুরোধ জানানো হয়েছে।