রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ১১:০১ এএম

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

জাতীয় সংসদ ভবন

সাপ্তাহিক ছুটির পর আজ রোববার বিকেল ৪টা ১৫ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে। গত ১০ নভেম্বর শুরু হওয়া চলতি অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করবেন। কার্যসূচি অনুযায়ী আজকের বৈঠকে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে আলোচনা হবে।

আজকের অধিবেশনে পোশাকশিল্পের উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের অনিয়ম এবং ভূমিসেবা সহজীকরণসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয়ের কার্যসূচি অনুযায়ী কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে তিনটি নোটিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল প্রথম চৌধুরী ২০২০ সাল থেকে বন্ধ থাকা কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদি মেডিক্যাল টেকনোলজি টেকনিশিয়ান কোর্সের ৫৩৪টি প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে আলোচনা চেয়েছেন।

মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমা আক্তার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বাজারের অনিয়ম নিয়ে নোটিশ দিয়েছেন। অন্যদিকে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা শিবচরের মানুষের ভোগান্তি কমানো, ভূমিসেবা সহজীকরণ এবং নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এছাড়া কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল, ২০২৬ সম্পর্কে মন্তব্য উত্থাপনের বিষয়টি কার্যসূচিতে রাখা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারার বিধান অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপিত হবে। পাশাপাশি গত ৬ মার্চ স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি সংক্রান্ত দলিল সংসদে উপস্থাপনের কথা রয়েছে।

কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী পোশাকশিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার, উৎপাদন ও রপ্তানি সক্ষমতা এবং এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার বিষয়ে একটি সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান।