শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলা থেকে কয়েন বের করে তাক লাগালেন স্বাস্থ্যকর্মী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ১১:২৫ পিএম

যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলা থেকে কয়েন বের করে তাক লাগালেন স্বাস্থ্যকর্মী

নোয়াখালীর হাতিয়ায় শিশুর গলা থেকে কয়েন বের করা স্বাস্থ্যকর্মী বিমান চন্দ্র আচার্য।

নোয়াখালীর হাতিয়ায় আধুনিক চিকিৎসা সরঞ্জাম ছাড়াই দুই বছর বয়সী এক শিশুর খাদ্যনালিতে আটকে থাকা পাঁচ টাকার কয়েন বের করে প্রশংসায় ভেসেছেন উপসহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য। শুক্রবার রাতে দ্বীপ উপজেলার ওছখালীতে এই ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশু ফায়েজার বাড়ি চরকিং ইউনিয়নে।

খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি কয়েন গিলে ফেলেছিল। কয়েন আটকা পড়ার পর থেকেই শিশুটির বমি শুরু হয় এবং একপর্যায়ে বমির সঙ্গে রক্ত বের হতে থাকে। অবস্থা আশঙ্কাজনক দেখে স্বজনরা তাকে প্রথমে স্থানীয় চিকিৎসক ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তাকে দ্রুত নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

রাতের বেলা উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে জেলা সদরে যাওয়া অসম্ভব হওয়ায় দিশাহারা হয়ে পড়েন শিশুটির মা সিমা আক্তার। পরে স্থানীয় লোকজনের পরামর্শে শিশুটিকে উপজেলা সদরের একটি ফার্মেসির পেছনের চেম্বারে বিমান চন্দ্র আচার্যের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বজনদের অনুমতি নিয়ে মাত্র কয়েক মিনিটের চেষ্টার পর শিশুটির খাদ্যনালিতে আটকে থাকা কয়েনটি সফলভাবে বের করে আনেন ওই স্বাস্থ্যকর্মী।

মেয়েকে সুস্থ হতে দেখে চেম্বারের সামনে উপস্থিত মানুষের ভিড়ে আনন্দে কান্নায় ভেঙে পড়েন মা সিমা আক্তার। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান চন্দ্র আচার্যের দক্ষতা ও সাহসিকতার প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা। সফলভাবে কয়েন উদ্ধারের পর স্বাস্থ্যকর্মী বিমান চন্দ্র আচার্য গণমাধ্যমকে জানান, এই ধরনের জটিল পরিস্থিতিতে তিনি বিশেষ ধরনের একটি রাবার পাইপ বা ফোলি ক্যাথেটার ব্যবহার করেছেন।

পাইপটি অত্যন্ত সতর্কতার সঙ্গে শিশুর খাদ্যনালিতে কয়েনের নিচ পর্যন্ত প্রবেশ করিয়ে পানি প্রয়োগ করা হয়, যাতে এর মাথার বেলুন অংশ ফুলে ওঠে। এরপর আলতোভাবে টান দিলে কয়েনটি বেলুনের সঙ্গে আটকে বাইরে চলে আসে। তিনি এর আগেও একই পদ্ধতিতে একাধিক রোগীর খাদ্যনালিতে আটকে যাওয়া বস্তু সফলভাবে বের করেছেন বলে জানান।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইউসুফ সোহাগ জানান, শিশুটির এক্স-রে প্রতিবেদনে কয়েন আটকে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে জেলা সদরে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, দ্বীপের প্রতিকূল পরিবেশে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকা সত্ত্বেও অত্যন্ত দক্ষতার সঙ্গে এই চিকিৎসা সেবা প্রদান করায় ওই স্বাস্থ্যকর্মীর উদ্যোগটি সত্যিই প্রশংসার দাবিদার।