নভেম্বর ১৪, ২০২৬, ১১:১৭ পিএম
দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট প্রটোকল ভার্সন সিক্স বা আইপিভি৬ ব্যবহারের হার ৬৬ শতাংশ হলেও বাংলাদেশে তা মাত্র ১৮ শতাংশ। নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং নতুন প্রযুক্তির বিস্তার ঘটাতে এই আধুনিক প্রযুক্তির বাস্তবায়নে বাংলাদেশকে দ্রুত উদ্যোগ নিতে হবে। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি দেশের ডিজিটাল খাতের জন্য উদ্বেগজনক।
সম্প্রতি কক্সবাজারের লং বিচ হোটেলে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের ২২তম সম্মেলনে বক্তারা এসব কথা জানান। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের মহাপরিচালক জিয়া রং লো সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জানান, নেটওয়ার্ক নিরাপত্তা কোনো ঐচ্ছিক বিষয় নয় এবং বাংলাদেশের বর্তমান চিত্র নিরাপত্তার দিক থেকেও ভালো উদাহরণ নয়।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আযম পারভেজ বলেন, আইপিভি৬-এর কোনো বিকল্প নেই এবং এর ব্যবহার বাড়াতে আইএসপিএবির মাধ্যমে সারা দেশে উদ্যোগ নিতে হবে। তিনি আরও জানান, ইন্টারনেট অব থিংসসহ নতুন প্রযুক্তির বিস্তারের কারণে এই প্রযুক্তি বাস্তবায়ন এখন জরুরি হয়ে পড়েছে।
বিজনেস প্রমোশন কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্শিদা জামান জানান, আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যাংকিং কার্যক্রম নিরাপদ ইন্টারনেট ব্যবস্থার ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে এবং এই ঘাটতি কাটাতে নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন।
আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, দেশে বর্তমানে প্রায় আড়াই হাজার আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠান রয়েছে। ইন্টারনেট রিসোর্স ব্যবস্থাপনা ও খাতকে কারিগরি সহায়তা দিতে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিন দিনের কারিগরি কর্মশালায় দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ১০৫ জন প্রকৌশলী অংশ নেন। সম্মেলনে আগামী সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ সম্মেলন-২০২৭ বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন