রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

জাতীয় ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ১০:৩৯ এএম

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর উদ্যোগে ময়মনসিংহের নান্দাইলে ৩৬টি অসহায় ও গৃহহীন পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে আধুনিক আধাপাকা ‘স্বপ্ন বাড়ি’র চাবি। একই সঙ্গে নান্দাইল পৌরসভায় একটি নতুন উন্নয়নকৃত সড়কের উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ-নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নান্দাইল উপজেলায় দিনব্যাপী এক সফরে উপস্থিত থেকে এসব ঘরের চাবি হস্তান্তর ও সড়কের উদ্বোধন করেন।

নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী জানান, নান্দাইলের কোনো মানুষ যেন অনাহারে কিংবা আশ্রয়হীন না থাকে, সেটিই ছিল তাঁর মূল নির্বাচনী প্রতিশ্রুতি।

আজ ৩৬টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করার মাধ্যমে সেই স্বপ্নের সূচনা হয়েছে এবং পর্যায়ক্রমে নান্দাইলের গৃহহীন সব মানুষকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে বলে তিনি উল্লেখ করেন। নতুন পাকা ঘর হাতে পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী নান্দাইল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া রাস্তা থেকে ভূঁইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভায়া মামুনের বাড়ি পর্যন্ত রাস্তা ইউনিব্লক দ্বারা উন্নয়ন সড়কের উদ্বোধন করেন। এরপর তিনি নান্দাইল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সার ডিলারদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন এবং নির্ধারিত কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশ্যে নান্দাইল ত্যাগ করেন।