নভেম্বর ২৫, ২০২৬, ০৬:৩৪ এএম

৫৪তম আন্তর্জাতিক এমি পুরস্কারে সবচেয়ে বেশি ট্রফি ঘরে তুলেছে যুক্তরাজ্য। ১৬টি বিভাগে দেশটির প্রযোজনাগুলো জিতেছে মোট নয়টি পুরস্কার। সেরা ড্রামা সিরিজ হয়েছে ফ্রান্সের কারেম, আর সেরা কমেডি সিরিজের পুরস্কার গেছে আর্জেন্টিনার ডিভিসিওন পালেরমো দ্বিতীয় সিজনের ঝুলিতে।
সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হিলটন মিডটাউনে বসে এই পুরস্কারের আসর। ২২টি দেশের ৬৪টি মনোনয়ন থেকে বেছে নেওয়া হয় এবারের বিজয়ীদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেতা মাইকেল উরি।
কারেম তৈরি হয়েছে ফরাসি রাঁধুনি আঁতোয়া কারেমের জীবন নিয়ে, যিনি দারিদ্র্য থেকে উঠে এসে রান্নার জগতে খ্যাতি পেয়েছিলেন। সেরা ড্রামা বিভাগে ছবিটির প্রতিদ্বন্দ্বী ছিল যুক্তরাজ্যের আ থাউজ্যান্ড ব্লোজ, আর্জেন্টিনার মেনেম আর ভারতের রিয়াল কাশ্মীর ফুটবল ক্লাব।
ভারতের দুটি মনোনয়নই এবার খালি হাতে ফিরেছে। সেরা কমেডি বিভাগে বীর দাসের স্ট্যান্ডআপ স্পেশাল ফুল ভলিউম হেরেছে ডিভিসিওন পালেরমোর কাছে। এই বিভাগের বাকি দুই প্রতিদ্বন্দ্বী ছিল যুক্তরাজ্যের ম্যান ভার্সেস বেবি আর স্পেনের ওল্ড ডগ নিউ ট্রিকস।
এটি ছিল বীর দাসের তৃতীয় আন্তর্জাতিক এমি মনোনয়ন।
২০২৩ সালে নিজের স্পেশাল ল্যান্ডিং দিয়ে এই পুরস্কার জিতেছিলেন তিনি, সেবার যৌথভাবে সম্মান পেয়েছিল ব্রিটিশ সিটকম ডেরি গার্লসের তৃতীয় সিজনও।
সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্যের আনফরগিভেবলের ববি স্কোফিল্ড, জো মিচেল চরিত্রে অভিনয়ের জন্য। সেরা অভিনেত্রী হয়েছেন বেলজিয়ামের হলি শিটের মোনা মিনা লিওঁ, ইয়াসমিন দে লায়েত চরিত্রে অভিনয় করে।
সেরা টিভি মুভি বা মিনি সিরিজ হয়েছে যুক্তরাজ্যের প্রিজনার ৯৫১। সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কারও গেছে যুক্তরাজ্যে, লুই থেরুর দ্য সেটলার্স। সেরা টেলিনোভেলা তুরস্কের লেইলা, সেরা ক্রীড়া প্রামাণ্যচিত্র দক্ষিণ আফ্রিকার দ্য ফিলিপসটাউন ওয়্যারকার গ্রাঁ প্রি, সেরা আর্টস প্রোগ্রামিং জার্মানির ডের ট্যালেন্টিয়ের্টে মিস্টার এফ আর সেরা সংবাদ যুক্তরাজ্যের টোয়েন্টিফোর আওয়ার্স ইন দ্য কিল জোন।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবার সবচেয়ে বেশি নয়টি মনোনয়ন পেলেও জিতেছে মাত্র একটি পুরস্কার, সেরা কমেডি বিভাগে।
রিয়াল কাশ্মীর ফুটবল ক্লাবে অভিনয় করেছেন মানব কৌল ও মোহাম্মদ জিশান আইয়ুব। রাজেশ মাপুসকর ও মহেশ মাথাই পরিচালিত সিরিজটির গল্প জম্মু ও কাশ্মীরের প্রথম পেশাদার ফুটবল ক্লাবের যাত্রা নিয়ে। ভারত থেকে এবার পুরস্কার উপস্থাপক হিসেবে অনুষ্ঠানে ছিলেন অভিনেতা বিজয় সেতুপতি।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন