অক্টোবর ২১, ২০২৬, ০২:৩৬ পিএম
কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর আনুমানিক পৌনে একটার দিকে নাওটি স্টেশনের আউটার এলাকায় এই ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর থেকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
হঠাৎ লাইনচ্যুতির কারণে সংশ্লিষ্ট ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন এবং তাদের গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ বিলম্ব সৃষ্টি হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ে কর্মকর্তারা জানান, লাইনচ্যুত ট্রেনটির ইঞ্জিন ও বগিগুলো উদ্ধারের লক্ষ্যে ইতোমধ্যে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকারী দল কাজ সম্পন্ন না করা পর্যন্ত আপলাইনে ট্রেন পরিচালনা স্থগিত থাকবে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হলেও কেউ আঘাতপ্রাপ্ত হননি। খবর পাওয়ার পরপরই রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন