অক্টোবর ২১, ২০২৬, ০৯:০০ পিএম
গর্ভবতী নারীদের অকাল প্রসবের ঝুঁকি আগেভাগে শনাক্ত করতে স্মার্ট রিংয়ের কার্যকারিতা পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। এই স্মার্ট ডিভাইসের সাহায্যে হৃদস্পন্দন, ঘুম ও শারীরিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করে সন্তান জন্মের আগে শরীরে কী ধরনের জৈবিক পরিবর্তন ঘটে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন চিকিৎসা গবেষকরা।
বুধবার (২১ অক্টোবর) আবুধাবির স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ওউরা যৌথভাবে ‘প্রজেক্ট ক্র্যাডল’ নামের এই গবেষণা কর্মসূচি চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ২৪ মাসের এই বিশেষ গবেষণায় উচ্চঝুঁকিতে থাকা গর্ভবতী নারীদের গর্ভধারণের শুরুর দিক থেকে সন্তান জন্মদান পর্যন্ত নিবিড় নজরদারিতে রাখা হবে।
গবেষকরা স্মার্ট রিং থেকে পাওয়া তথ্যের সঙ্গে নারীদের চিকিৎসাসংক্রান্ত ইতিহাস ও জিনগত উপাত্ত মিলিয়ে দেখবেন। এর মাধ্যমে কোনো ধরনের লক্ষণ স্পষ্ট হওয়ার আগেই স্বতঃস্ফূর্ত প্রসববেদনার সংকেত শনাক্ত করা যায় কি না, তা যাচাই করাই মূল লক্ষ্য। বিশ্বজুড়ে প্রতি ১০টি শিশুর মধ্যে প্রায় একটির জন্ম নির্ধারিত সময়ের আগেই হয়।
চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, গর্ভাবস্থার ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে সন্তান জন্ম নিলে তাকে অকাল প্রসব বলা হয়। ঝুঁকি আগে থেকে বোঝা গেলে চিকিৎসকেরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। বিশেষ করে অনাগত শিশুর ফুসফুস ও মস্তিষ্কের বিকাশে সহায়ক ওষুধ প্রয়োগ এবং মা ও নবজাতককে বিশেষায়িত নিবিড় পরিচর্যা সুবিধা থাকা বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের সুযোগ তৈরি হবে।
প্রাথমিক পর্যায়ে আবুধাবির কর্নিশ হাসপাতাল ও মেডিক্লিনিক এয়ারপোর্ট রোডে এই গবেষণা পরিচালিত হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে গবেষণার জন্য উপযুক্ত গর্ভবতী নারী বাছাইয়ের কাজ শুরু হবে। পুরো গবেষণার চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৮ সাল।
তবে গবেষকরা স্পষ্ট করেছেন, এই প্রযুক্তি এখনই প্রসবের সুনির্দিষ্ট পূর্বাভাস দিতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই। মূলত ওউরা রিং থেকে প্রাপ্ত তথ্য কতটা নির্ভরযোগ্য এবং প্রাত্যহিক চিকিৎসায় তা কতটা কার্যকর হতে পারে, তা যাচাই করা হচ্ছে।
গবেষণায় অংশ নেওয়া সব নারী হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা স্বাভাবিকভাবেই পাবেন। আবুধাবির স্বাস্থ্যসেবায় এই স্মার্ট প্রযুক্তি নিয়মিত অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নির্ভর করবে গবেষণার চূড়ান্ত ফলাফল ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন