অক্টোবর ২১, ২০২৬, ০৯:৩৮ পিএম
সমুদ্রের উত্তাল ঢেউয়ে আছড়ে পড়ে বালুর ওপর গড়াগড়ি খাচ্ছিল ছোট্ট এক মেয়ে। অথচ তার ঠিক সামনে দাঁড়িয়ে হাত নেড়ে ক্যামেরার জন্য পোজ দিতে আর ভিডিও করতে ব্যস্ত ছিলেন তার নিজেরই বাবা ও মা। সন্তানের চেয়ে সামাজিক মাধ্যমের রিল বানানোকে বেশি প্রাধান্য দেওয়ার এমন এক চিত্র সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এক পথচারীর তাৎক্ষণিক তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শিশুটি।
ঘটনাটি ঘটে সমুদ্রের একেবারে কাছাকাছি এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্যে দেখা যায়, সমুদ্রের তীরে পানি যেখানে এসে আছড়ে পড়ছে, ঠিক সেখানে হাঁটছিলেন এক দম্পতি। এ সময় নারীটি তাদের ছোট মেয়ের হাত ধরে রেখেছিলেন। পুরুষটির হাতে ছিল সেলফি স্টিক, যা দিয়ে তারা সামনের দৃশ্য ও নিজেদের অভিব্যক্তি ক্যামেরাবন্দী করছিলেন।
হঠাৎ এক শক্তিশালী ঢেউ এসে ধাক্কা দেয় তাদের পায়ে।
মুহূর্তের মধ্যে শিশুটি মায়ের হাত থেকে ছুটে গিয়ে ভেজা বালির ওপর আছড়ে পড়ে। ঢেউয়ের টানে সে কিছুটা সরেও যায়। এই পরিস্থিতিতে নারীটি পেছনে তাকিয়ে মেয়েকে পড়ে যেতে দেখেন। কিন্তু সন্তানকে টেনে তোলার বদলে তিনি নিজেকে ঠিক করে আবার ক্যামেরার দিকে ফিরে পোজ দিতে শুরু করেন। পুরুষটিও একইভাবে সেলফি স্টিক উঁচিয়ে ভিডিও ধারণ চালিয়ে যান।
পেছনে তখন দ্বিতীয় দফায় পানির ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছিল অসহায় শিশুটি।
ভাগ্যক্রমে ঘটনাটি চোখে পড়ে দূর থেকে দৃশ্যটি লক্ষ্য করা আরেক দর্শনার্থীর। তিনি কোনো দ্বিধা না করে দ্রুত দৌড়ে গিয়ে বালু থেকে শিশুটিকে টেনে তোলেন। এরপর তাকে কোলে নিয়ে এগিয়ে যান ওই দম্পতির দিকে। অভিভাবকের এমন দায়িত্বজ্ঞানহীন কাণ্ড দেখে চিৎকার করে তাদের সচেতন করার চেষ্টা করেন ওই পথচারী।
মারিয়াম নামের এক নারী ঘটনাটি প্রত্যক্ষ করে সামাজিক মাধ্যমে বিস্তারিত জানান। তিনি উল্লেখ করেন, স্বামীর সঙ্গে সমুদ্রতীরে বেড়াতে গিয়ে এই মর্মান্তিক দৃশ্য নিজের চোখে দেখেন।
তিনি প্রশ্ন তোলেন, কয়েক সেকেন্ডের একটি ভিডিও বানানো কি নিজের সন্তানের সুরক্ষার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল।
ঘটনার দৃশ্য ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, প্রযুক্তির অন্ধ মোহে মানুষ তার সবচেয়ে মৌলিক পারিবারিক দায়িত্ব পর্যন্ত ভুলে যাচ্ছে। কয়েক মিনিটের প্রদর্শনী মানুষের মানবিক বোধকে কতটা ভোঁতা করে দিতে পারে, এই ঘটনা তারই প্রমাণ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন