বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার আভাস ও নতুন লঘুচাপের শঙ্কা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২২, ২০২৬, ১২:৩৩ পিএম

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার আভাস ও নতুন লঘুচাপের শঙ্কা

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সাগরে আরেকটি লঘুচাপের শঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, ভারতের তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে একটি লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই নতুন লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনের বর্ধিত সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তা ক্রমে বিস্তার লাভ করতে পারে।

এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় আজ সকাল থেকে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৭৯ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ২৭ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর পাঁচটা ৫৯ মিনিটে।