অক্টোবর ২১, ২০২৬, ০৪:৫৩ পিএম
দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আগামী ২৩ অক্টোবরের দিকে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এই লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে আবহাওয়া অফিস জানায়, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই ২৩ অক্টোবরের দিকে সাগরে নতুন লঘুচাপ সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সামগ্রিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে বর্ধিত পাঁচ দিনের মেয়াদের শেষ ভাগে গিয়ে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৩ অক্টোবর) লঘুচাপ সৃষ্টির সম্ভাব্য দিনে সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এ দিন দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (২৪ অক্টোবর) দিনের তাপমাত্রা অপরিবর্তিত থেকে রাতের তাপমাত্রা আবার সামান্য বাড়তে পারে এবং রবিবারেও (২৫ অক্টোবর) দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুষ্ক আবহাওয়ার এই ধারা অব্যাহত থাকার পর পাঁচ দিনের শেষ দিকে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির দেখা মিলতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন