বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৬, ০৪:১৯ পিএম

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত চব্বিশ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে।

একই সময়ে নতুন করে এই জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৭৩ জন। বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণকারী সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকা ব্যতীত), যেখানে একদিনেই হাসপাতালে গেছেন ৩২০ জন।

অন্যান্য অঞ্চলের মধ্যে বরিশাল বিভাগে ২২৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন এবং খুলনা বিভাগে ১৫৫ জন রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন।

এছাড়া রাজশাহী বিভাগে ১১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু রোগী গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন।