বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬,
ডেঙ্গু প্রতিরোধ বার্তা

ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৬, ১০:২২ পিএম

ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে অন্তত দুই দিন নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় সরকারপ্রধান এই তাগিদ দেন। তিনি উল্লেখ করেন, ব্যক্তি ও পারিবারিক পর্যায় থেকে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় ব্যয় করে নিজ আঙিনা, আশপাশের এলাকা এবং প্রতিদিন চলাচলের পথে পানি জমার স্থানগুলো পরিষ্কার রাখলে মশার বিস্তার রোধ করা সহজ হবে।

সংক্রমণ কমাতে মশার প্রজননস্থল ধ্বংস করাই একমাত্র টেকসই পথ বলে মনে করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসার ওপর ভরসা না করে জমে থাকা পানি ও আবর্জনা অপসারণ করে মশার বংশবিস্তারের উৎস ধ্বংস করাই সবচেয়ে কার্যকর মাধ্যম। ঘরের আনাচকানাচে, রাস্তাঘাটে কিংবা সাধারণ মানুষের চলাচলের উন্মুক্ত স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে। সম্মিলিতভাবে যদি এসব প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করা যায়, তবে জাতীয়ভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে বড় সাফল্য আসবে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন বয়সের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন এবং অনেকেই প্রাণ হারাচ্ছেন। অথচ সবার সম্মিলিত তৎপরতা থাকলে অসংখ্য পরিবারকে স্বজন হারানোর গভীর বেদনা থেকে রক্ষা করা সম্ভব।

অতীতে সংকট জয়ে বাঙালি জাতির ঐতিহাসিক ঐক্যের কথা স্মরণ করিয়ে দেন সরকারপ্রধান।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতীতে ঐক্যবদ্ধ হয়ে বারবার নিজেদের শক্তি প্রমাণ করেছে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের বিজয় এবং ২০২৪ সালে সর্বস্তরের জনতার আত্মত্যাগে জুলাই গণঅভ্যুত্থানের সাফল্য এসেছে। ঐতিহাসিক এসব অর্জনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, সম্মিলিত শক্তিতে জাতি যদি এত বড় বড় সংকট অতিক্রম করতে পারে, তবে দেশের অন্য সমস্যা সমাধানে নাগরিকরা কেন একসঙ্গে এগিয়ে আসতে পারবেন না।

জাতীয় স্বেচ্ছাসেবার বিশাল শক্তির পরিসংখ্যানও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের মতো প্রাতিষ্ঠানিক স্বেচ্ছাসেবক সংগঠনে যুক্ত রয়েছেন প্রায় ৪০ লাখ সদস্য। এই তরুণ শিক্ষার্থীরা এবং স্বেচ্ছাসেবী সদস্যরা প্রায় এক মাস ধরে প্রতি শনিবার সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে আবর্জনা পরিষ্কারে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন।

টিকা প্রসঙ্গে বাস্তব অভিজ্ঞতার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, টিকার ওপর অন্ধ নির্ভরতার চেয়ে সরাসরি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই সবচেয়ে যুক্তিযুক্ত কাজ। কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে ডেঙ্গুর টিকার কার্যকারিতা অত্যন্ত সীমিত।

জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, একটি সরকার তখনই সার্বিকভাবে সফল হয় যখন সাধারণ মানুষকে সাথে নিয়ে দেশের জন্য কাজ করে। বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ অংশীদারত্বেই দেশের প্রতিটি সংকট মোকাবিলা করতে চায়।

সকল নাগরিককে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্মিলিত উদ্যোগ জোরদার হলে ডেঙ্গুর কারণে অকালে ঝরে যাওয়া বহু প্রাণ বাঁচানো সম্ভব হবে।